উইন্ডসার্ফিং, যা সেলবোর্ডিং, ফানবোর্ডিং বা ওয়েভ-সেইলিং নামেও পরিচিত, একটি জনপ্রিয় জলক্রীড়া যেখানে একটি সার্ফবোর্ড পরিচালনা করার জন্য একজন প্রশিক্ষনপ্রাপ্ত সাঁতারু ও ক্রীড়াবিদ থাকেন যাকে বলা হয় সার্ফার। সার্ফবোর্ডের সঙ্গে একটি পাল সংযুক্ত করে বাতাসের সাহায্যে সার্ফবোর্ডটিকে জলের উপর চালনা করা হয়। ১৯৮৪ সাল থেকে উইন্ডসার্ফিং অলিম্পিক ক্রীড়া হিসেবে স্বীকৃত হলেও, এটি মূলত উপকূলীয় অঞ্চলে একটি অবাণিজ্যিক বিনোদনমূলক খেলা হিসেবেই প্রচলিত। প্রচলিত সার্ফিং থেকে উইন্ডসার্ফিং-এর পার্থক্য এই যে, এখানে পালের ব্যবহার হয় এবং বাতাসের গতির ওপর নির্ভরতা অনেক বেশি থাকে। আধুনিক কালে সার্ফিং বোর্ডের উন্নতির ফলে ক্রীড়াবিদরা বড় বড় ঢেউয়ের উপর কসরত দেখাতে পারেন। এছাড়াও ঘণ্টায় ৯০ কিমি গতিতে ছুটে চলা যায়, এমনকি বোর্ডের সাহায্যে অনেক লাফ ও ঘূর্ণায়মান নানা রকম কৌশল দেখানো সম্ভব হয়েছে।
এই খেলাটির অনুরূপ আরেকটি ক্রীড়া হলো কাইটবোর্ডিং, যেখানে সার্ফবোর্ডে পাল নয়, বরং সার্ফারের শরীরের সাথে একটি প্যারাস্যুট বাঁধা থাকে। এটি সার্ফিং ও প্যারাগ্লাইডিং-এই দুই ক্রীড়ার সংমিশ্রণ। কাইটবোর্ডাররাও উইন্ডসার্ফারদের মতো উচ্চ গতি অর্জন করতে পারেন। তারা প্যারাসুটের সাহায্যে জলের উপর বাতাসে ভেসে থাকতে পারেন—যা এই খেলাকে করে তোলে আরও রোমাঞ্চকর ও চিত্তাকর্ষক করে তোলে।
পরিচিতি
[সম্পাদনা]উইন্ডসার্ফিং-এর ইতিহাস শুরু হয় ১৯৪৮ সালে, যখন এই ক্রীড়ার জন্য প্রথম উপযুক্ত সার্ফার বোর্ডটি তৈরি হতে শুরু করে। তবে এই খেলাটি জনপ্রিয়তা অর্জন করে ১৯৮০-এর দশকে। তখন সেইলর বা বোর্ড হেড নামে পরিচিত উইন্ডসার্ফারদের প্রায়শই সমুদ্রতটে দেখা যেত। ১৯৯০-এর দশকে এই খেলার জনপ্রিয়তা কিছুটা কমে গেলেও, বর্তমানে আবার এক ক্ষুদ্র পুনরুত্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশ্বের বহু পর্যটনস্থলে এখন নানা ধরনের উইন্ডসার্ফিং সুবিধা উপলব্ধ।
উইন্ডসার্ফিং একটি অভিনব খেলা, যা ঐতিহ্যবাহী সার্ফিং ও সেইলিং(নৌচালনা) -এর এক অনন্য মিশ্রণ। তবে এই ক্রীড়ার জন্য নির্দিষ্ট কৌশল রপ্ত করার প্রয়োজন হয়। সার্ফিং-এর পূর্ব অভিজ্ঞতা থাকলে শেখার প্রক্রিয়া সহজতর হয়। অনেক উইন্ডসার্ফারই মূলত দক্ষ সার্ফার হয়ে থাকেন।
এই খেলায় বাতাসের গতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সঠিক সরঞ্জাম ব্যবহার করে প্রায় শূন্য থেকে ৫০ নট (৯০ কিমি/ঘণ্টা) পর্যন্ত গতি অর্জন করা সম্ভব। নতুন খেলোয়াড়রা সাধারণত তাদের গতিবেগ ১০ নটের নিচে রেখে হালকা বাতাসে খেলতা শুরু করেন। অপেশাদার উইন্ডসার্ফাররা ১৫ থেকে ২৫ নট গতির বাতাসে জলপৃষ্ঠে ছুটে চলার আনন্দ উপভোগ করতে পছন্দ করেন।
যন্ত্রপাতি
[সম্পাদনা]উইন্ডসার্ফিং-এর জন্য প্রধান দুটি উপকরণ হলো সার্ফার বোর্ড এবং পাল, যদিও এর সঙ্গে কিছু অতিরিক্ত সরঞ্জামও সাধারণভাবে ব্যবহৃত হয়। সাধারণ নিয়ম অনুযায়ী, ছোট বোর্ড ও পাল ব্যবহার করলে উচ্চ গতিতে চলা সহজ হয়। গত কয়েক বছরে উইন্ডসার্ফিং সরঞ্জামের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য খেলাটি আরও সহজ ও উপভোগ্য করে তুলেছে। আগে থেকে ব্যাবহার করা সেকেন্ড-হ্যান্ড সরঞ্জামও কিনতে পাওয়া যায়, তবে তিন বছরের বেশি পুরনো হলে তা কেনার আগে ভালোভাবে বিবেচনা করা উচিত—কারণ এতে নতুন প্রযুক্তিগত সুবিধা নাও থাকতে পারে। বিশেষত যদি আপনি একজন নতুন খেলোয়াড় হন তাহলে এই ব্যাপারে সতর্ক থাকা দরকার।
কিনবেন না ভাড়া করবেন?
[সম্পাদনা]যারা উইন্ডসার্ফিং-এ সত্যিই আগ্রহী, তারা নিজেস্ব উপযোগী সরঞ্জাম সংগ্রহ করতে ইচ্ছুক হবেন, কারণ ব্যক্তিগত বোর্ড ও পালের ব্যবহারের মাধ্যমে নিজস্ব সময়-সুযোগ অনুসারে অনুশীলনের উইন্ডসার্ফিং-এ মাধ্যমে দক্ষতা অর্জন করা সুবিধাজনক হয়। পাল ও বোর্ডের আকার নির্বাচন নির্ভর করে খেলোয়াড়ের ওজন, দক্ষতা ও পছন্দের ওপর, তাই নিজের আগ্রহ অনুযায়ী সরঞ্জাম কেনা বেশ ফলপ্রসূ। তবে একেবারে নতুনদের জন্য বিগিনার বোর্ড ব্যবহার করা উচিত যা নতুনদের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। উইন্ডসার্ফিং-এ প্রাথমিক পাঠের সময় বোর্ড ও পাল ভাড়া নেওয়া বুদ্ধিমানের কাজ। অনেক সময় প্রশিক্ষনের সময়ই সরঞ্জাম সরবরাহ করা হয়। উইন্ডসার্ফিং-এ দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে উন্নত মানের বোর্ডের প্রয়োজন পড়ে, তাই নিজস্ব সরঞ্জাম কেনার আগে নিজের মৌলিক পছন্দ ও আগ্রহ বিচার করে নেওয়াই শ্রেয়।
মৌলিক সরঞ্জাম
[সম্পাদনা]- পাল-পাল উইন্ডসার্ফিং-এর একটি গুরুত্বপূর্ণ উপাদান, যার আকার ও গঠন খেলোয়াড়ের দক্ষতা ও পছন্দের ওপর নির্ভর করে। উচ্চগতির সার্ফিং বা প্রতিযোগিতার জন্য সাধারণত বড় পাল ব্যবহৃত হয়, যার পরিসর ৬ থেকে ১৫ বর্গমিটার পর্যন্ত হতে পারে। এই ধরনের পাল ক্যাম্বার-ইনডিউসড নামে পরিচিত, অর্থাৎ এই পালের মধ্যে প্লাস্টিকের অংশ বসানো থাকে যাতে পালটি বায়ুগতির সাথে সাথে নিজের আকার ধরে রাখতে পারে। অন্যদিকে, ওয়েভ সেইল নামক আরেক প্রকার পাল উপলব্ধ যা তুলনামূলকভাবে ছোট—প্রায় ৩ থেকে ৬ বর্গমিটার। এই পাল শক্ত ঢেউ সামলানোর উপযোগী। উইন্ডসার্ফিং -এর দুই মূল প্রকার ফ্রি রাইড ও ফ্রিস্টাইল -এর জন্য মাঝারি আকারের পাল ব্যাবহার হয়। বিনোদনমূলক সার্ফারদের মধ্যে সহজে নিয়ন্ত্রণযোগ্য ও বহুমুখী ব্যবহারের উপযোগী পাল জনপ্রিয় হয়ে উঠেছে। এই ধরনের পাল রোটেশনাল সেইল নামে পরিচিত। এই প্রকারের পালের জনপ্রিয়তার কারন হল বায়ুপ্রবাহের বিপরীতমুখী অবস্থানেও নিজস্ব আকৃতি ও নমনীয়তা বজায় থাকে এবং বায়ুগতির সাহায্যে সার্ফিং-এর জন্য উপযুক্ত বেগ বজায় রাখতে সাহায্য করে। দিক পরিবর্তনের সময় এই পালগুলোও ঘূর্ণিত হয়, যা সার্ফিং বোর্ড চালনার একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসাবে বিবেচিত হয়।
- বোর্ড-আধুনিক উইন্ডসার্ফিং বোর্ড সাধারণত ৩ মিটারের কম দৈর্ঘ্যের হলেও এগুলোকে মূলত আয়তন ও প্রস্থ অনুযায়ী পরিমাপ করা হয়। পালের মতোই, খেলোয়াড়ের দক্ষতা, ওজন এবং প্রধান কার্যকলাপ অনুযায়ী বোর্ডের উপযোগিতা নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ, ওয়েভ ও ফ্রিস্টাইল উইন্ডসার্ফিং -এ ব্যাবহৃত বোর্ডের ওজন সাধারণত ৭ কেজির কম হয়, যেখানে নতুন উইন্ডসার্ফারদের জন্য ব্যবহৃত বোর্ডগুলো অনেক ভারী—প্রায় ১৫ কেজি পর্যন্ত হয়, যাতে যাতে স্থিতিশীলতা বজায় রাকাহ সহজ হয়। এই ধরনের বোর্ডে অতিরিক্তভাবে একটি ড্যাগারবোর্ড নামক অংশ থাকে, যেটি ভারসাম্য রক্ষা ও দিক নিয়ন্ত্রণে সহায়তা করে।
- মাস্ট ও উইশবোন
- আপহল দড়ি (পাল টানার জন্য ব্যবহৃত)
- ফ্রি-রোটেটিং জয়েন্ট — রিগ (সেইল, মাস্ট ও উইশবোন) বোর্ডের সঙ্গে সংযুক্ত করার জন্য
- হারনেস — ঐচ্ছিক, সার্ফারকে রিগের সঙ্গে যুক্ত করে; সাধারণত নতুনদের জন্য নয়
- ফিন — বিশেষভাবে "সেইলিং"-এর জন্য ব্যবহৃত
- ওয়েটস্যুট — ঠান্ডা জলে শরীর উষ্ণ রাখতে সহায়ক
- উপযুক্ত জুতো- যেমন রাবারের সার্ফ স্লিপার
- বয়েন্সি এইড- ঐচ্ছিক সরঞ্জাম তবে কিছু ক্ষেত্রে (বিশেষ করে অভ্যন্তরীণ জলাশয়ে) এটি বাধ্যতামূলক হতে পারে।
- সানগ্লাস — উইন্ডসার্ফিং -এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সানগ্লাস বিলাসিতা নয় বরং প্রয়োজনীয়; কারণ জলের উপর সূর্যের আলো আশেপাশের স্থলভাগের তুলনায় অনেক বেশি তীব্র হতে পারে, সেইকারনে চোখকে রক্ষা করতে সানগ্লাস বা রোদচশমা জরুরী।
শৈলী
[সম্পাদনা]উইন্ডসার্ফিং বোর্ড ব্যাবহার করে জলের টেউয়ের উপর ভেসে আগ্রসর হওয়ার জন্য সার্ফাররা দুটি মূল পদ্ধতি ব্যাবহার করে। হালকা বাতাসে (১০ নটের নিচে) বোর্ডের ফিন ও সেন্টারবোর্ড নামক অংশের সাহায্যে জলের উপর দিয়ে ধীরে ধীরে অগ্রসর হতে হয়, যা অনেকটা শান্ত জলে নৌকার চালনার মতো। এই পদ্ধতিকে বলা হয় সেইলিং। দিক নিয়ন্ত্রণের জন্য বোর্ডের সার্ফার রিগ নামক অংশকেকে সামনে-পেছনে সরানো হয়। বোর্ডের পেছনের অংশ অবনত অবস্থায় রাখা হয় অথবা নিজের শরীরের ভার একদিকে স্থানান্তর করে সামঞ্জস্য রাখা হয়।
তবে যখন বাতাস শক্তিশালী হয়, তখন সার্ফাররা বোর্ডের সাহায্যে জলের উপর দিয়ে ধীরে ধীরে না ভেসে জলপৃষ্ঠের উপর দিয়ে তীব্রবেগে অগ্রসর হয়। এই পদ্ধতি প্ল্যানিং নামে পরিচিত। এই অবস্থায় সার্ফার উচ্চ গতিতে জলের উপর অগ্রসর হতে পারে এবং অনেকের কাছে এটি খেলার সবচেয়ে আনন্দদায়ক অংশ। সেইলিং পদ্ধতির নিয়ন্ত্রণ কৌশলের ব্যাবহার করে সার্ফার রিগ অংশকে ইচ্ছেমতো সরিয়ে বোর্ডের এক প্রান্তে চাপ দিয়ে জলে উপর বোর্ডটিকে গতিশীল করা হয় এবং এর মাধ্যমে ট্যাকিং ও জাইবিং কৌশল সম্পন্ন করা যায়। একটি সেইলবোট যেমন দৃঢ়তার সাথে বাতাসের বেগকে কাজে লাগিয়ে জলে ভেসে থাকে, সেভাবেই সার্ফার বোর্ড চালনা করা হয়।
দক্ষ উইন্ডসার্ফাররা ফ্রিস্টাইল, স্লালম, স্পিড সার্ফিং এবং ওয়েভ সেইলিং -এর মতো উইন্ডসার্ফিং -এর নানা প্রতিযোগিতা ও শৈলীতে অংশগ্রহণ করতে পারেন।
শিক্ষণীয়
[সম্পাদনা]প্রথম প্রথম অনেকের কাছেই উইন্ডসার্ফিং শিক্ষা বেশ ক্লান্তিকর মনে হতে পারে। হালকা বাতাসে ভারসাম্য রক্ষা ও দিকনির্দেশনার মৌলিক কৌশল রপ্ত করতে খুব বেশি সময় লাগেনা, কিন্তু নতুন খেলোয়াড়দের জন্য বড় বোর্ড ও ছোট পালের ব্যাবহার এবং শুরুর দিকে সার্ফিং -এর কম গতি বজায় রাখার মানদন্ড এই সমস্ত বিষয় হতাশাজনক হতে পারে। অন্যান্য দুঃসাহসিক ক্রীড়ার সাথে তুলনায় এই খেলার রোমাঞ্চকর অংশে উপনীত হতে, যেমন উচ্চ গতিসম্পম্ম প্ল্যানিং শৈলীতে সার্ফিং করতে হলে প্রচুর অনুশীলনের প্রয়োজন হয়।
তবে উপযুক্ত এলাকাগুলিতে অনেক ভালো উইন্ডসার্ফিং শিক্ষাকেন্দ্র রয়েছে এবং নতুনদের জন্য সরঞ্জামও যথেষ্ট মানসম্পন্ন। যারা ধৈর্য্য সহকারে উইন্ডসার্ফিং ক্রীড়ার অনুশীলন চালিয়ে যান, তারা বিনোদনমূলক কিংবা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অসাধারণ সুযোগের মুখোমুখি হন।
গন্তব্যস্থল
[সম্পাদনা]
উইন্ডসার্ফিং-এর জন্য প্রয়োজনীয় মৌলিক শর্তগুলো বেশ সহজ। যেকোনো বড় জলাশয় এবং পর্যাপ্ত বাতাসের উপস্থিতি এই খেলার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে সক্ষম। ফলে বিশ্বজুড়ে অসংখ্য স্থানকে উইন্ডসার্ফিং-এর জন্য উপযুক্ত বলে দাবি করা হয়, এমনকি অনেক অঞ্চল ও দেশের মানুষজন তাদের বসবাসকারী ক্ষেত্রকে উইন্ডসার্ফিং-এর রাজধানী বলেও পরিচয় দেয়। তবে এই ক্রীরার জন্য সেরা হিসাবে পরিচিত অঞ্চলগুলো শুধুমাত্র শক্তিশালী বাতাস ও বড় ঢেউ উপস্থিতির কারনে নয়, বরং মনোরম প্রাকৃতিক দৃশ্য, আরামদায়ক আবহাওয়া এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধার সমন্বয়ের জন্য জনপ্রিয়তা লাভ করেছে।
- মাউই— মাউই উইন্ডসার্ফিং -এর অন্যতম জনপ্রিয় গন্তব্য। যেসকল উপকূলবর্তী অঞ্চল বা জলাশয়ে ঢেউ ৩০ মিটারেরও বেশি উচ্চতায় পৌঁছায়, সেইসকল স্থান পেশাদার উইন্ডসার্ফারদের সবচেয়ে প্রিয়। এখানে উইন্ডসার্ফিং -এর জন্য সবচেয়ে জনপ্রিয় সময় হল মে থেকে অক্টোবর মাস। তবে এই সময়ে নানা অনুষ্ঠানের কারণে দ্বীপ অঞ্চলে বেশ ভিড় থেকে। উত্তেজক উইন্ডসার্ফিং ক্রীড়ায় অংশগ্রহন করার সময় জলের ঢেউয়ের গতিপ্রকৃতির সাথে সাথে বিপজ্জনক শার্কের উপস্থিতির সম্পর্কে সতর্ক থাকা জরুরি।
উত্তর আমেরিকা
[সম্পাদনা]- যুক্তরাষ্ট্র- যুক্তরাষ্ট্রে উইন্ডসার্ফিং-এর জন্য জনপ্রিয় স্থানগুলোর মধ্যে কলম্বিয়া নদী সংলগ্ন কলম্বিয়া গর্জ বা কলম্বিয়া নদীখাত অন্যতম। এখানে সারাবছরই স্থায়ী বাতাস থাকে যা এই স্থানকে উইন্ডসার্ফিং -এর অনুকূল করে তুলেছে। নদীর পূর্ব উপকূলের আউটার ব্যাংকস অঞ্চল উইন্ডসার্ফারদের একটি প্রধান জনপ্রিয় গন্তব্য। এই স্থান সপরিবারে ভ্রমণের জন্যও আদর্শ। এখানে নতুন ও অভিজ্ঞ উভয় সার্ফারদের জন্য ক্রীড়ায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। ক্যালিফোর্নিয়ার শারম্যান আইল্যান্ড উইন্ডসার্ফিং-এর জন্য আরেকটি চমৎকার স্থান।
- ডোমিনিকান রিপাবলিক—ক্যারিবিয়ান অঞ্চলের রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ও পূর্ব দিক থেকে আগত স্থায়ী ট্রেড উইন্ড বা বানিজ্য বায়ু কারণে এখানকার কাবারেতে অঞ্চল উইন্ডসার্ফিং-এর জন্য এক মনোরম গন্তব্য।
- বোনায়ার— ক্যারিবিয়ান দ্বীপপঞ্জের অন্তর্গত এই সুন্দর দ্বীপে সারাবছরই রৌদ্রজ্বল আবহাওয়া ও উপযুক্ত উষ্ণতা বজায় থাকে। দ্বীপের পূর্ব তীরবর্তী লে বে নামক সুমুদ্র উপকুলে উইন্ডসার্ফিং-এর জন্য দারুণ সুবিধা রয়েছে, নতুন ও অভিজ্ঞ উভয় সার্ফারের জন্যই এই স্থান উপযোগী।
- মেক্সিকো—ইউকাটান উপদ্বীপের সমুদ্রতীরবর্তী শহর এল কুইয়োতে ধারাবাহিকভাবে সামুদ্রিক বায়ু প্রবাহিত হয়, যে কারণে এই অঞ্চলে কাইটসার্ফিং বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
দক্ষিণ আমেরিকা
[সম্পাদনা]- কোস্টারিকা—এখানকার আরেনাল হ্রদের তীব্র বাতাস অভিজ্ঞ উইন্ডসার্ফারদের জন্য এক প্রতিকূল অথচ রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করে। তবে এই স্থান নতুন উইন্ডসার্ফারদের জন্য উপযুক্ত নয়। উষ্ণ আবহাওয়া ও আগ্নেয়গিরির উপস্থিতি এই অঞ্চলকে দক্ষ সার্ফারদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। কম অভিজ্ঞদে সার্ফারদের জন্য স্থানীয় গলফো দে পাপাগায়ো (পাপাগায়ো উপহ্রদ) একটি ভালো বিকল্প স্থান।
- ব্রাজিল— এখানকার জেরিকোকোয়ারা নামক এক পর্যটনপ্রিয় এবং ঐতিহ্যবাহী গ্রাম বিশাল বালিয়াড়ি ও স্বচ্ছ জলরাশির মাঝে অবস্থিত। এখানকার অসাধারণ সৈকত অঞ্চল জুড়ে উইন্ডসার্ফিং-এর সুযোগ-সুবিধা উপলব্ধ রয়েছে।
- আর্জেন্টিনা—প্যাটাগোনিয়া অঞ্চলের শক্তিশালী বাতাস বারিলোচে অঞ্চলের কাছে অবস্থিত লাগো নাহুয়েল হুয়াপি নামক স্থানকে উইন্ডসার্ফিং-এর জন্য আদর্শ করে তুলেছে। সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত সময় এখানে ভ্রমনের জন্য সবচেয়ে উপযুক্ত।
- ভেনেজুয়েলা—আবহাওয়া ভালো থাকলে এখানকার এল ইয়াকে -তে সার্ফারদের ভিড় দেখা যায়। এখানকার উষ্ণ জল, চমৎকার বাতাস এবং বিমানবন্দর থেকে নিকট অবস্থান একে উইন্ডসার্ফারদের কাছে জনপ্রিয় করে তুলেছে। এখানকার অগভীর জলরাশি কম অভিজ্ঞ সার্ফারদের জন্যও নিরাপদ ও উপযোগী।
ইউরোপ
[সম্পাদনা]- ডেনমার্ক—এখানে সারা বছর রৌদ্রজ্বল আবহাওয়া থাকে। যদিও উষ্ণ জলের অভাব, তবে প্রচুর বাতাস ও উপযুক্ত উপকূলরেখা থাকায় উইন্ডসার্ফিং-এর জন্য এটি আদর্শ স্থান। এখানে অভ্যন্তরীণ জলাশয়ও প্রচুর রয়েছে। ঢেউপ্রেমীদের জন্য ক্লিটমোলার গ্রামটি বিশেষভাবে পরিচিত।
- গ্রিস—গ্রিক দ্বীপপুঞ্জ জলক্রীড়ার জন্য এক মনোরম পরিবেশ। উইন্ডসার্ফিং-এর ক্ষেত্রে পারোস ও ন্যাক্সোস দ্বীপের মধ্যবর্তী প্রণালী অত্যন্ত জনপ্রিয় কারণ এখানে সাধারণত শক্তিশালী বাতাস প্রবাহিত হয়। কারপাথোস, ভাসিলিকি ও লেমনোস-ও চমৎকার গন্তব্য।
- পর্তুগাল—স্থায়ী বাতাসের কারণে পর্তুগালের দক্ষিণাঞ্চলে উইন্ডসার্ফিং-এর জন্য অনেক জনপ্রিয় স্থান গড়ে উঠেছে যাদের মধ্যে গুইঞ্চো, ভিলামোরা, সাগ্রেস, লাগোয়া এবং আলবুফেইরা বিশেষভাবে জনপ্রিয়।
- স্পেন—স্পেনের উপকূলজুড়ে অসংখ্য উইন্ডসার্ফিং ক্রীড়ার জন্য জনপ্রিয় গন্তব্যস্থান আছে যাদের মধ্যে তারিফা সম্ভবত সবচেয়ে জনপ্রিয়; কারন এখানকার প্রণালীতে শক্তিশালী বাতাস প্রবাহিত হয়। এমপুরিয়াব্রাভা এবং ক্যানারি দ্বীপপুঞ্জ-ও গুরুত্বপূর্ণ গন্তব্য, যেখানে ফুয়ের্তেভেনচুরা বিশ্বসেরা উইন্ডসার্ফিং গন্তব্যগুলোর মধ্যে অন্যতম।
- তুরস্ক—এজিয়ান সাগরের উপকূলে উইন্ডসার্ফিং-এর জন্য বেশ কিছু গন্তব্য রয়েছে, যাদের মধ্যে আলাচাতি বে, ফোচা এবং আক্কুম অন্যতম সেরা স্থান হিসাবে পরিচিত।
আফ্রিকা
[সম্পাদনা]- নামিবিয়া—যারা উইন্ডসার্ফিং-এ উচ্চগতির রেকর্ড তৈরি করার স্বপ্ন দেখেন, তাদের জন্য নামিবিয়ার লুডেরিটজ আদর্শ স্থান। এখানে বাতাসের গতি ও পরিবেশ সেই লক্ষ্য পূরণে সহায়ক হয়।
- কেপ ভার্দে—আফ্রিকার পশ্চিম উপকূলের কাছে অবস্থিত এই দ্বীপপুঞ্জে সারা বছরই রৌদ্রজ্বল আবহাওয়া থাকে ও উত্তর-পূর্ব দিক থেকে স্থায়ী বাতাস প্রবাহিত হয়, যা উইন্ডসার্ফিং-এর জন্য এক মনোরম পরিবেশ তৈরি করে।
- মিশর—উইন্ডসার্ফিং-এর জগতে মিশরের দাহাব এখন উদীয়মান তারকা। দক্ষ সার্ফারদের জন্য এখানে রয়েছে স্পিড স্ট্রিপ -র মতো অনেক সুবিধা উপলব্ধ। নতুন সার্ফাররা এখানকার শান্ত উপহ্রদের জলে নিশ্চিন্তে সার্ফিং -এর আনন্দ উপভোগ করতে পারেন। সিনাই উপদ্বীপে অবস্থিত এল তোর-ও উইন্ডসার্ফিং-এর জন্য একটি চমৎকার গন্তব্য।
- দক্ষিণ আফ্রিকা—কেপটাউন থেকে প্রায় ১২০ কিমি দূরে অবস্থিত ল্যাঙ্গেবান সম্ভবত দেশের সেরা এবং সবচেয়ে জনপ্রিয় উইন্ডসার্ফিং গন্তব্য।
এশিয়া এবং ওশিয়ানিয়া
[সম্পাদনা]- ফিলিপাইন—বোরাকায়-এর উপহ্রদ এলাকায় সাদা বালির মনোরম সৈকত অবস্থিত। এখানকার শক্তিশালী বাতাস উচ্চগতির উইন্ডসার্ফিং-এর জন্য আদর্শ। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এখানে মৌসুমি বাতাস প্রবাহিত হয় যা উইন্ডসার্ফিং সবচেয়ে উপযোগী, যদিও নতুন সার্ফারদের জন্য এই সময়টা কিছুটা কঠিন হতে পারে।
- অস্ট্রেলিয়া—মূলত পশ্চিম উপকূলে উইন্ডসার্ফিং-এর জন্য অসাধারণ কিছু গন্তব্য রয়েছে। ল্যান্সেলিন একটি জনপ্রিয় গন্তব্য যেখানে প্রতিবছর ওশান ক্লাসিক রেস প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়া মার্গারেট রিভার অঞ্চলও উইন্ডসার্ফারদের প্রিয় গন্তব্য হিসেবে পরিচিত।
সাবধানতা
[সম্পাদনা]অন্যান্য রোমহর্ষক ক্রীড়া যেমন রক ক্লাইম্বিং(পর্বতারোহন) বা স্নোবোর্ডিং-এর তুলনায় উইন্ডসার্ফিং-এ আঘাত পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, কারণ জলে পড়লে শরীরের ওপর চাপ অনেক কম পড়ে। তবে এই খেলাটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়। সার্ফিং সময় আপনি সম্পূর্ণ খোলা জলে থাকবেন। অভিজ্ঞ সার্ফাররা উচ্চ গতিসম্পন্ন বড় ঢেউয়ের মধ্যে চলাচল করেন কিন্তু নতুন বা অনভিজ্ঞদের ক্ষেত্রে তা ঝুঁকিপূর্ণ। তাই সার্ফিং-এর সময় সর্বদা সচেতন থাকুন, নিরাপত্তা বিধি ও সরকারি সতর্কবার্তা গুরুত্ব সহকারে অনুসরণ করুন। যদি আপনি উইন্ডসার্ফিং -এ নতুন হন, তাহলে অভিজ্ঞ প্রশিক্ষকের কাছ থেকে প্রাথমিক শিক্ষা নিন, অগভীর জলে থাকুন। অন্য বিপজ্জনক যেকোন ক্রীড়ার মতৈ এক্ষেত্রে নিজেকে প্রস্তুত না করে বড় ঝুঁকি নেবেন না।
- সার্ফিং -এ যাওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস অবশ্যই দেখে নিন, কারণ অনেক স্থানে বাতাসের গতি ও দিক হঠাৎ বদলে যেতে পারে এবং ঝড় আসতে পারে বজ্রপাতের সময় জলে থাকা অত্যন্ত বিপজ্জনক।
- সার্ফিং -এ যাওয়ার আগে কোথায় যাচ্ছেন তা কাউকে অবশ্যই জানিয়ে রাখুন। আপনার সাথে যদি সঙ্গী না থাকে তাহলে এমন সৈকতে যান যেখানে অন্য অনেক মানুষজনের উপস্থিতি আছে। জনশূন্য সৈকত এড়িয়ে চলুন।
- জলে নামার আগে আপনার সরঞ্জাম ভালোভাবে পরীক্ষা করুন।
- কখনোই বোর্ড ফেলে রাখবেন না। আপনার সাথে বয়েন্সি কিট (এমন যন্ত্রসমূহ যা জলে ভেসে থাকতে সহায়তা করে) থাকলেও মনে রাখবেন, উইন্ডসার্ফিং -এ বোর্ডই সবচেয়ে বড় ভাসমান সহায়ক।
- হাইপোথারমিয়া(অবোষ্ণতা) বা ডিহাইড্রেশন(জলশূন্যতা) -এর লক্ষণ সম্পর্কে সচেতন থাকুন এবং সামান্য সন্দেহ হলেও জলের বাইরে চলে আসুন। পায়ের আঙুলের সামান্য অসাড় ভাব তুচ্ছ মনে হতে পারে কিন্তু তা বড় বিপদের পূর্বাভাস দিতে পারে।
- জলে উপস্থিত অন্য মানুষদেরদের প্রতি সতর্ক থাকুন এবং সংঘর্ষ এড়িয়ে চলুন কারণ তা গুরুতর আঘাতের কারণ হতে পারে। সাঁতারুদের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখুন।
- আর অবশ্যই, ক্লান্ত, অসুস্থ বা অন্য কোনোভাবে দুর্বল অবস্থায় জলে নামা একেবারেই উচিত নয়।
বীমা
[সম্পাদনা]উইন্ডসার্ফিং-এর মতো বিপদসংকুল ক্রীড়ায় অংশ নেওয়ার আগে আপনার ভ্রমণ বিমা নীতিমালা ভালোভাবে পরীক্ষা করে দেখা অত্যন্ত জরুরি। অনেক ক্ষেত্রে এই ধরনের খেলাধুলা বিমার আওতায় না-ও থাকতে পারে, ফলে অতিরিক্ত বিশেষ বিমা নিতে হতে পারে। অনেক বিমা সংস্থা চরম ক্রীড়ার জন্য বিশেষ সুবিধা প্রদান করে, যাতে উইন্ডসার্ফিং-এর জন্যও আলাদা পরিকল্পনাও অন্তর্ভুক্ত থাকে। বীমা নেওয়ার সময় শুধু উইন্ডসার্ফিং সংক্রান্ত দূর্ঘটনার চিকিৎসা ব্যয় নয় বরং ক্রীড়ার সরঞ্জাম চুরি, ক্ষতি বা দায়বদ্ধতার দিকগুলোও বিবেচনায় রাখা উচিত কারণ বিদেশে চিকিৎসা ব্যয় অনেক বেশি হতে পারে। নিরাপদে খেলতে হলে, প্রস্তুতিও হতে হবে পূর্ণাঙ্গ।
{{#assessment:প্রসঙ্গ|ব্যবহারযোগ্য}}