
ওয়ানগাপেকা ট্র্যাক হলো নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি ট্র্যাম্পিং পথ (অন্যান্য দেশে হাইকিং, ট্রেকিং বা বুশওয়াকিং নামে পরিচিত), এই পথটি নেলসন বে অঞ্চল এবং ওয়েস্ট কোস্ট অঞ্চলের উত্তরদিকের মধ্যবর্তী কাহুরাঙ্গি জাতীয় উদ্যানের মধ্য দিয়ে গিয়েছে। এই পথে অতিবৃষ্টি অরণ্য, নদীর তীর ধরে হাঁটার পথ, খাড়া চড়াই এবং ছোট-বড় নদী ও জলধারা পার হওয়ার মতো বিভিন্ন ধাপ রয়েছে। এটি ডিপার্টমেন্ট অফ কনজারভেশনের (ডিওসি) তালিকাভুক্ত অপেক্ষাকৃত কঠিন হাইকিং রুটগুলির মধ্যে অন্যতম।
এই পথের একটি বড় অংশকে যাত্রাপথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি এমন এক সমস্যাসঙ্কুল এবং কয়েক দিনব্যাপী ট্র্যাম্পিং পথ, যার জন্য সম্পূর্ণ আত্মনির্ভরশীলতা এবং দুর্গম এলাকায় চলাচলের উচ্চমানের দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন। এখানে পথ চিনে চলার এবং প্রতিকূল পরিবেশে টিঁকে থাকার দক্ষতার প্রয়োজন হতে পারে; কারণ এখানকার পথগুলি মূলত প্রাকৃতিকভাবে তৈরি ও অমসৃণ। সেখানে কোথাও কাদা, কোথাও খাড়া ঢাল, আবার কোথাও সেতুবিহীন ছোট-বড় নদী বা ঝর্ণা পার হতে হয়। পথ নির্দেশক হিসেবে ত্রিভুজাকৃতি চিহ্ন, খুঁটি কিংবা পাথরের স্তূপ ব্যবহার করা হয়ে থাকে। এলাকাটি দুর্গম এবং পথের রক্ষণাবেক্ষণ কম হওয়ায়, অনেক সময় পথ নির্দেশক চিহ্নগুলি অস্পষ্ট হতে পারে। বিস্তারিত জানতে দেখুন: ডিওসি ট্র্যাকের বিভাগসমূহ।
জানুন
[সম্পাদনা]- আরও দেখুন: নিউজিল্যান্ডে ট্র্যাম্পিং

৫৯ কিমি (৩৭ মা) দীর্ঘ ওয়ানগাপেকা ট্র্যাম্পিং ট্র্যাকটি কাহুরাঙ্গি জাতীয় উদ্যানের মনোরম ও বন্য প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে যাওয়া একটি অত্যন্ত আকর্ষণীয় পথ। ৪ দিন থেকে ৬ দিন ধরে দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হেঁটে যাওয়ার জন্য বিস্তৃত এই পথটি পূর্বদিকের ওয়াইমেয়া অববাহিকায় অবস্থিত রোলিং রিভার জংশনের সাথে পশ্চিম উপকূলের লিটল ওয়ানগানুই ও কারামিয়া সংলগ্ন এলাকাকে সংযুক্ত করেছে।
এই যাত্রাপথটিতে বৈচিত্র্যময় ও মনোরম সব প্রাকৃতিক দৃশ্যের মুখোমুখি হওয়ার সুযোগ থাকে; পথচারীরা ঘন সবুজ ও প্রাচীন নাতিশীতোষ্ণ অতিবৃষ্টি অরণ্য এবং ১,০০০ মিটারেরও বেশি উচ্চতার দুটি পাহাড়ি গিরিপথ অতিক্রম করেন। যাত্রাপথে অসংখ্য স্বচ্ছ জলের ছোট নদী ও ঝর্ণার দেখা মেলে; এগুলির অনেকটিতেই সেতু থাকলেও কিছু কিছু জায়গায় কোনো সেতু নেই, তাই সেগুলি সতর্কতার সাথে পার হতে হয়।
প্রবেশ ও সংরক্ষণ: এখানে সব সময়ই মাউন্টেন বাইক চালানো কঠোরভাবে নিষিদ্ধ। এই পথে সাইকেল চালানোর অনুমতি নেই এবং খাড়া ও বন্ধুর ঢালবিশিষ্ট ভূপ্রকৃতি বাইক চালানোর জন্য একেবারেই উপযুক্ত নয়। এছাড়া, পার্কের অক্ষত জলাশয়গুলিকে রক্ষা করার লক্ষ্যে ডিডাইমোর (আণুবীক্ষণিক এককোষী শৈবাল, যা মিষ্টি জলের নদীতে ও জলধারার তলদেশে ঘন ও ভারী আস্তরণ তৈরি করতে পারে) বিস্তার রোধে দর্শনার্থীদের অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তৈরি হয়ে নিন
[সম্পাদনা]এই পথে সফলভাবে এগিয়ে যেতে গেলে পুঙ্খানুপুঙ্খ পূর্ব পরিকল্পনা এবং প্রস্তুতির প্রয়োজন। যাত্রা শুরুর আগে, আপনাকে অবশ্যই পথের মধ্যে অবস্থানের উদ্দেশ্যে কুটির ব্যবহারের জন্য একটি ডিওসি ব্যাক কান্ট্রি পাস কিনতে হবে এবং ফোস্কা, মচকানো বা ছড়ে যাওয়ার মতো সাধারণ সমস্যার চিকিৎসার জন্য একটি সম্পূর্ণ প্রাথমিক চিকিৎসার কিট সাথে রাখতে হবে। যেহেতু এই পার্কে বছরে প্রায় ৪ মিটার বৃষ্টিপাত হয়, তাই বৃষ্টির পোশাক অপরিহার্য। রাতে পরার জন্য আপনার অতিরিক্ত উলের বা সিন্থেটিক পোশাক সাথে রাখা উচিত, কারণ এই আবহাওয়ার জন্য সুতির পোশাক উপযুক্ত নয়। এছাড়াও, জঙ্গল জুড়ে থাকা স্যান্ডফ্লাই এবং মিডজের (রক্তচোষী মাছি বিশেষ) ক্রমাগত উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য পোকামাকড় তাড়ানোর স্প্রে সাথে রাখা অত্যাবশ্যক।
আহার
[সম্পাদনা]যাত্রা শুরুর পর খাবার বা প্রয়োজনীয় সামগ্রী কেনার কোনো সুযোগ থাকবে না; তাই আপনাকে এমন সব খাদ্যদ্রব্য সাথে নিতে হবে যা ওজনে হালকা অথচ প্রচুর শক্তি জোগায়। যাত্রাপথে কোনো কারণে দেরি হয়ে গেলে তার জন্য অন্তত একদিনের বাড়তি খাবার সাথে রাখা অত্যন্ত জরুরি। দুর্গম এলাকার থাকার কুটিরগুলি সাধারণ মানের হওয়ায় সেখানে রান্নার সরঞ্জাম বা জ্বালানি সরবরাহ করা হয় না। তাই বহনযোগ্য স্টোভ, জ্বালানি, দিয়াশলাই এবং রান্নাবান্না ও খাওয়ার জন্য প্রয়োজনীয় সাধারণ বাসনপত্র যেমন পাত্র ও স্পর্ক (খাওয়ার এমন একটি সরঞ্জাম, যাতে চামচের অগভীর বাটির মতো অংশ এবং কাঁটাচামচের ছোট দাঁত—উভয়েরই সমন্বয় ঘটেছে, স্পুন + ফর্ক) আপনাকেই সাথে নিয়ে যেতে হবে।
পানীয়
[সম্পাদনা]বিভিন্ন কুটিরে জল ভরা পাত্র, এছাড়া প্রাকৃতিক ঝর্ণা বা ছোট নদী এবং বৃষ্টির জল সহজেই পাওয়া যায়, তবে এগুলিতে জিয়ার্ডিয়া জীবাণু আছে কি না, তা পরীক্ষা করা হয় না। যদিও কোনো কোনো হাইকার এই জল সরাসরিই পান করেন, তবুও সতর্কতাস্বরূপ ফিল্টার ব্যবহার করা, জীবাণুনাশক ট্যাবলেট প্রয়োগ করা অথবা জল ফুটিয়ে নেওয়া বাঞ্ছনীয়। একটানা শারীরিক পরিশ্রমের সময় শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে আপনার সাথে সহজে ব্যবহারযোগ্য জলের বোতল বা হাইড্রেশন ব্লাডার রাখা উচিত।
রাত্রিযাপন
[সম্পাদনা]এই যাত্রাপথে ছয়টি সাধারণ কুঁড়েঘর এবং তিনটি ছোট আশ্রয়স্থল রয়েছে। এই কুঁড়েঘরগুলি কোনো বুকিং ব্যবস্থা ছাড়াই 'আগে এলে আগে পাবেন' ভিত্তিতে পরিচালিত হয়, তাই জায়গা পূর্ণ থাকলে আপনাকে মেঝেতে ঘুমোতে বা তাঁবু খাটাতে হতে পারে। যদিও তোশক সরবরাহ করা হয়, কিন্তু শয়ন ঘরে কোনো চাদর বা গরম করার ব্যবস্থা নেই; আলপাইন অঞ্চলের ঠাণ্ডা তাপমাত্রায় টিঁকে থাকার জন্য একটি গরম স্লিপিং ব্যাগ অপরিহার্য। যেহেতু সবার জন্য ব্যবহৃত শয়ন ঘরগুলি কোলাহলপূর্ণ হতে পারে, তাই যাদের হালকা ঘুম হয় তাদের জন্য ইয়ারপ্লাগ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। কুঁড়েঘরগুলির সাধারণ ব্যবহারের জায়গাতে সাধারণত কাঠের আগুনের ব্যবস্থা থাকে, কিন্তু আপনাকে হয়তো শুকনো কাঠ নিজেই সংগ্রহ করতে হতে পারে এবং ব্যবহারের পর হিটারের জালি সবসময় পরিষ্কার করা উচিত।
জলবায়ু
[সম্পাদনা]এখানকার আবহাওয়া বছরের যে কোনো সময়েই অত্যন্ত আর্দ্র ও অনিশ্চিত হয়ে থাকে, তবে সাধারণত ফেব্রুয়ারি মাসে বৃষ্টিপাত সবচেয়ে কম হয়। পাহাড়ি বা আলপাইন এলাকায় যে কোনো ঋতুতেই তুষারপাত হতে পারে এবং শীতকালে লিটল ওয়ানগানুই স্যাডলের পথে তা প্রায়শই বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায়। আবহাওয়ার সমস্যা কিংবা স্যান্ডফ্লাইয়ের উপদ্রবের কারণে আপনাকে হয়তো ঘরের ভেতরেই সময় কাটাতে হতে পারে; তাই সন্ধ্যার বিনোদনের জন্য সাথে একটি বই বা ছোট কোনো খেলার সামগ্রী রাখা বুদ্ধিমানের কাজ হবে।
প্রবেশ করুন
[সম্পাদনা]এই পথটি পূর্ব থেকে পশ্চিমে কিংবা পশ্চিম থেকে পূর্বে — যে কোনো দিক থেকেই পায়ে হেঁটে অতিক্রম করা যায়।
পথটির পূর্ব প্রান্তের নিকটতম শহর হলো তাপাওয়েরা; নেলসন থেকে গাড়ি কিংবা ট্র্যাকনেটের মতো বাস পরিষেবার মাধ্যমে এখানে সহজেই পৌঁছোনো যায়। পথটির পূর্ব প্রান্তে সাইবেরিয়া ফ্ল্যাট ক্যাম্পসাইটটি অবস্থিত।
পথটির পশ্চিম প্রান্তটি হলো লিটল ওয়ানগানুইয়ের কাছে ওয়ানগাপেকা রোডের ওপর অবস্থিত একটি গাড়ি পার্কিংয়ের জায়গা; এটি কারামিয়া থেকে প্রায় ২০ কিলোমিটার (১২.৪ মাইল) দূরে অবস্থিত এবং ওয়েস্টপোর্ট হয়ে গাড়ি বা বাসের মাধ্যমেও এখানে যাওয়া যায়। এছাড়া কারামিয়াতে একটি স্থানীয় বিমানবন্দরও রয়েছে।
ট্র্যাকনেট বা ট্রেক এক্সপ্রেসের মতো প্রতিষ্ঠানগুলি যাত্রাপথের শুরুর স্থান পর্যন্ত পরিবহনের ব্যবস্থা করতে পারে, তবে এর জন্য আগে থেকেই বুকিং করে রাখতে হবে। ওয়ানগাপেকা পথটি বেশ দুর্গম ও কষ্টসাধ্য হওয়ায় এখানে সবসময় খুব বেশি মানুষের সমাগম হয় না; ফলে যাত্রাপথের শুরুতে গিয়ে পৌঁছোনো বা শেষ হওয়ার পর ফিরে আসার জন্য পরিবহনের চাহিদাও খুব একটা দেখা যায় না। তাই আগেভাগে বুকিং করা এবং দলবদ্ধভাবে যাত্রা করাটা আপনার জন্য সুবিধাজনক হবে, কারণ এতে প্রয়োজনে পরিবহন ব্যবস্থা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
এখানে একটি বিকল্প হলো পথের এক প্রান্তে যে গাড়িটি ব্যবহার করা হবে হিফি ট্র্যাক হেল্প সংস্থার মাধ্যমে সেটি অন্য প্রান্তে সরিয়ে নিয়ে আসা।
হাঁটুন
[সম্পাদনা]
ট্র্যাকটির মান পরিবর্তনের পর থেকে এর অবস্থার অবনতি হওয়ায়, ডিওসি-এর নির্দেশিকায় উল্লিখিত সময়সীমা ১ ঘণ্টা বাড়ানো হয়েছে। ডিওসি-র মৌখিক পরামর্শের সাথেও এই বিষয়টি সামঞ্জস্যপূর্ণ; তবে ট্রেকারদের অভিজ্ঞতা ও শারীরিক সক্ষমতার ওপর ভিত্তি করে বলা যায়, এই বর্ধিত সময়েও হয়তো পুরো পথটুকু অতিক্রম করা সম্ভব নাও হতে পারে। বিশেষ করে তাইপো থেকে বেলটাউন মানুনুই হাটের অংশটি বেশ কঠিন হওয়ায়, সেখানে নির্ধারিত বর্ধিত সময়ের চেয়েও বেশি সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।


1 সাইবেরিয়া ফ্ল্যাট ক্যাম্পসাইট থেকে পথটি উপত্যকার নিচের অংশের সহজ ভূপ্রকৃতির মধ্য দিয়ে এগিয়ে গেছে। স্টোন হাট পর্যন্ত বিস্তৃত এই প্রথম অংশটি সাধারণ হাঁটার পথের অন্তর্ভুক্ত এবং এটি অনুসরণ করা বেশ সহজ। 2 কিংস ক্রিক হাট, এতে ২০টি বাঙ্ক (সাধারণ মানের), ঘর গরম রাখার ব্যবস্থা, জল ও একটি শৌচাগার রয়েছে এবং নদীর ধারে ক্যাম্প করার জায়গাও পাওয়া যায়। এখান থেকে একটি সংক্ষিপ্ত ৫ মিনিটের পথ ঘুরে গেলে পাওয়া যাবে 3 সিসিল কিংস হাট, এটি ১৯৩০-এর দশকের একটি ছোট ও ঐতিহাসিক কুঁড়েঘর, যাতে চারটি বাঙ্ক (শোয়ার জায়গা), ঘর গরম রাখার ব্যবস্থা, জল ও একটি শৌচাগার রয়েছে। সিসিল কিং ছিলেন একজন নাবিক, যিনি মহামন্দার সময় স্বর্ণের সন্ধানী হয়ে এই উপত্যকায় এসেছিলেন।
নদীর গা ঘেঁষে ক্রমশ ওপরের দিকে উঠে গেলে পাওয়া যাবে 4 স্টোন হাট। এতে ১০টি বাঙ্ক (সাধারণ শয্যা), তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, জল ও শৌচাগারের সুবিধা রয়েছে এবং নদীর ধারে ক্যাম্প করার জায়গাও পাওয়া যায়। এর কাছেই জোনাথন ব্রফের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ রয়েছে; তিনি ছিলেন এই পথের জরিপকারী এবং পাহাড়ের গায়ে ধাপ কেটে তৈরি করা অংশগুলির নির্মাণকারী দলের প্রধান। ১৮৯৮ সালে তিনি কাঠ ও স্ল্যাব দিয়ে একটি কুঁড়েঘর তৈরি করেছিলেন, যা ব্রফ'স ট্যাবারনাকল নামে পরিচিত। এখান থেকে পরবর্তী ট্র্যাম্পটি যাত্রাপথ হিসেবে শ্রেণীবদ্ধ এবং এটি অতিক্রম করার জন্য দুর্গম এলাকায় ভ্রমণের দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন।
১,০০৯ মিটার উচ্চতার 1 ওয়ানগাপেকা স্যাডল আরোহণ করতে করতে পথটি আরও কঠিন হয়ে ওঠে। এটি একটি গিরিপথ এবং এর থেকে একটি পার্শ্ব-পথ উত্তর দিকে বিগ টপ অভিমুখে চলে গেছে। 5 হেলিকপ্টার ফ্ল্যাট হাট, এতে ১০টি বাঙ্ক (সাধারণ মানের), তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, জল ও শৌচাগারের সুবিধা রয়েছে এবং নদীর ধারে ক্যাম্প করার জায়গাও পাওয়া যায়।
পথটি ভালোভাবে তৈরি ও সমতল হলেও এতে কিছু ছোটখাটো বাধা এবং ছোট-বড় নদী বা জলধারা পার হওয়ার বিষয় রয়েছে, এগুলি ভারী বৃষ্টির পর চলাচলের অযোগ্য হয়ে পড়তে পারে। 6 তাইপো হাট, এখানে ১৬টি বাঙ্ক (সাধারণ মানের), তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, জল ও শৌচাগারের সুবিধা রয়েছে এবং হাটটির কাছাকাছি ক্যাম্প করার জায়গাও আছে।
এটি এই পথের সবচেয়ে কঠিন অংশ; এখানে ১,০৮৭ মিটার উচ্চতার লিটল ওয়ানগানুই গিরিপথ ধরে খাড়া চড়াই-উতরাই পার হতে হয়, পাশাপাশি ভূমিধ্বসের কারণে পুরোনো ও নতুন পথ পরিবর্তন করে চলতে হয় এবং পথে পড়ে থাকা গাছপালা চলাচলে বাধা সৃষ্টি করে। গিরিপথের ঠিক আগে আপনি 7 স্ট্যাগ হাট শেল্টার অংশের পাশ দিয়ে যাবেন। এটি দুটি বাঙ্ক-বিশিষ্ট একটি জরুরি আশ্রয়কেন্দ্র, যেখানে জল ও শৌচাগারের ব্যবস্থা রয়েছে। গিরিপথের দূরবর্তী অংশে এবং হাঁটার পথ থেকে ১৫০ মিটার দূরে রয়েছে ওয়ানগানুই বিভি। এটিও দুটি বাঙ্ক-বিশিষ্ট একটি জরুরি আশ্রয়কেন্দ্র, যেখানে জল ও শৌচাগারের সুবিধা আছে। 8 বেলটাউন মানুনুই হাট, এতে ১০টি বাঙ্ক (সাধারণ), তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, জল ও শৌচাগারের সুবিধা রয়েছে।
এই পথের বেশিরভাগ অংশই সহজে হেঁটে পার হওয়া যায়, তবে কিছু জায়গায় খাড়া ও বন্ধুর পথ বেয়ে ওঠার প্রয়োজন হতে পারে। নদীর পাড় ভাঙনের ফলে চলাচলের পথটি ক্ষতিগ্রস্ত হতে পারে। পথটি গিয়ে শেষ হয়েছে 1 ওয়ানগাপেকা রোড কার পার্ক অঞ্চলে।
নিরাপদ থাকুন
[সম্পাদনা]

কাহুরাঙ্গি জাতীয় উদ্যানের আবহাওয়া খুব দ্রুত পরিবর্তিত হতে পারে এবং খোলা জায়গাগুলিতে তীব্র বাতাস ও ঘন মেঘের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কবার্তা হালকাভাবে নেবেন না।
বৃষ্টির পর নদী ও ছোটখাটো জলধারার জলের স্তর দ্রুত বেড়ে যেতে পারে এবং সেতু না থাকলে সেগুলি পার হওয়া অসম্ভব হয়ে পড়তে পারে। জলের স্তর যেমন দ্রুত বাড়ে, তেমনি দ্রুত কমেও যায়; তাই ধৈর্য ধরুন। জল নামতে একদিন বা খুব কম ক্ষেত্রে দুদিনও সময় লাগতে পারে, তবে নিরাপত্তার স্বার্থে অপেক্ষা করাটাই শ্রেয়। গভীর কোনো জলধারা বা নদী পার হওয়ার সময় পা টেনে টেনে ধীরে ধীরে এগিয়ে যান। জলের স্রোতের সাথে তলদেশে পাথর গড়িয়ে চলার শব্দ শুনতে পেলে পার হওয়ার চেষ্টা করবেন না; কারণ তা অত্যন্ত বিপজ্জনক।
সাথে নেওয়ার মতো অন্যান্য নিরাপত্তা সরঞ্জামের মধ্যে রয়েছে:
- একটি ভালো প্রাথমিক চিকিৎসার কিট;
- একটি ব্যক্তিগত অবস্থান-নির্ণায়ক সংকেতযন্ত্র (পার্সোনাল লোকেটর বিকন);
- দুর্গম ও শীতল এলাকার উপযোগী পোশাক (যেমন — পশমি বা বিশেষ ধরনের সিন্থেটিক কাপড়ের তৈরি);
- মজবুত ও ভালো মানের বুট;
- বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার উপযোগী পোশাক।
দ্রষ্টব্য: এটি এমন একটি এলাকা যেখানে বছরের সব সময়েই প্রচুর বৃষ্টিপাত হয়।
এনজেড মেট সার্ভিস তাদের ওয়েবসাইটে কাহুরাঙ্গি ন্যাশনাল পার্কের জন্য নিয়মিত আবহাওয়ার হালনাগাদ করা তথ্য প্রকাশ করে।
এরপরে চলুন
[সম্পাদনা]কাছাকাছি অঞ্চল
[সম্পাদনা]- দক্ষিণে মারচিসন বা ওয়েস্টপোর্ট
- উত্তরে মোতুয়েকা, মাপুয়া, ওয়েকফিল্ড বা নেলসন
অন্যান্য পদব্রজে ভ্রমণ এলাকা
[সম্পাদনা]- হিফি ট্র্যাক
- কেপলার ট্র্যাক
- মিলফোর্ড ট্র্যাক
- রুটবার্ন ট্র্যাক
- অন্যান্য পথের জন্য নিউজিল্যান্ডে ট্র্যাম্পিং দেখুন।