প্রাতুনাম (থাই: ประตูน้ำ) ব্যাংককের একটি বিখ্যাত কেনাকাটার এলাকা। এখানে হাজার হাজার পোশাকের দোকান রয়েছে, যেখানে সাশ্রয়ী দামে পাইকারি পণ্য বিক্রি করা হয়। বিশেষ করে একসঙ্গে বেশি পণ্য কিনলে দাম আরও কম পড়ে। এখানে প্রাতুনাম বলতে বিস্তৃত একটি এলাকাকে বোঝানো হয়েছে, যার মধ্যে ভিক্টরি মনুমেন্ট, রাতচাথেউই ও মাক্কাসান এলাকাও অন্তর্ভুক্ত।
অনুধাবন
[সম্পাদনা]
প্রাতুনামের দক্ষিণ সীমানা চিহ্নিত করেছে সায়েন সায়েপ খাল। উনিশ শতকের মাঝামাঝি সময়ে রাজা তৃতীয় রামার শাসনামলে এই খাল খনন করা হয়। এর উদ্দেশ্য ছিল চাও ফ্রায়া নদীর সঙ্গে পূর্ব দিকের ব্যাং পাকং নদীর সংযোগ স্থাপন করা। সায়েন সায়েপ খালের সঙ্গে মহা নাক ও ক্রুং কাসেম খালের সংযোগ তৈরি হলে খালগুলোর মধ্যে পানির স্তর নিয়ন্ত্রণের জন্য একটি জলকপাটের প্রয়োজন হয়। থাই ভাষায় ‘প্রাতুনাম’ শব্দের আক্ষরিক অর্থ ‘জলকপাট’।
১৯৬০-এর দশকের আগপর্যন্ত এলাকাটির তেমন উন্নয়ন হয়নি। তখন যত দূর চোখ যায়, বিস্তীর্ণ ধানখেত দেখা যেত। ওই সময় রাচাপ্রারোপ সড়কে ইন্দ্রা হোটেলের কাছে তাজা কৃষিপণ্যের একটি বাজার গড়ে ওঠে। এরপর এখানে একের পর এক বাজার প্রতিষ্ঠিত হয় এবং ধীরে ধীরে পুরো এলাকাটি স্থানীয় বাজারকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে।
বর্তমানে প্রাতুনামকে প্রায়ই ‘উত্তরাঞ্চলের শহরকেন্দ্র’ বলা হয়। বাইয়োক টাওয়ার ২ নির্মিত হওয়ার পর এলাকাটি এই পরিচয়ের যথার্থ দাবিদার হয়ে ওঠে। টাওয়ারটির ওপরের দিকে লিফটে চড়ে যাওয়াও একটি বিশেষ অভিজ্ঞতা, যা মিস করা উচিত নয়। ৮৮ তলা ও ৩০০ মিটারের বেশি উচ্চতার এই ভবনটি ১৯৯৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের সর্বোচ্চ ভবন ছিল। ২০১৬ সালে সিলম এলাকায় এর চেয়েও উঁচু ভবন নির্মিত হলে এটি সেই মর্যাদা হারায়। ব্যাংককের আকাশরেখায় বাইয়োক টাওয়ার ২ একটি উল্লেখযোগ্য স্থাপনা। এটি প্রাতুনামসহ পুরো থাইল্যান্ডের অর্থনৈতিক অগ্রগতিরও প্রতীক। এর আশপাশে আরও অনেক আবাসিক সুউচ্চ ভবন ও হোটেল গড়ে উঠেছে, যেগুলো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ার সুবিধা কাজে লাগিয়ে ব্যবসা করছে।
তবে এখানকার পথের ধারের বাজারগুলো কখনো হারিয়ে যায়নি। তাজা কৃষিপণ্যের বাজারের জায়গা এখন মূলত পোশাক, কাপড় ও বিভিন্ন অনুষঙ্গের বাজার দখল করেছে। তবে এসব পণ্য এখনো স্থানীয় বাজারের সাশ্রয়ী দামেই পাওয়া যায়। অসংখ্য সরু গলিতে ছড়িয়ে রয়েছে হাজার হাজার পোশাকের দোকান। বেশির ভাগ দোকানেই পাইকারি দামে পণ্য বিক্রি হয় বলে এখানে কেনাকাটা তুলনামূলকভাবে সস্তা।
এলাকার উত্তরে রয়েছে ভিক্টরি মনুমেন্ট, একটি বিশাল সামরিক স্মৃতিস্তম্ভ, যা বর্তমানে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ যানবাহন চলাচলের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। শহরের কেন্দ্রস্থলে কর্মরত স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের কাছে এলাকাটি জনপ্রিয় আবাসিক পাড়ায় পরিণত হয়েছে। সূর্যাস্তের পর এলাকাটি বিশেষভাবে প্রাণবন্ত হয়ে ওঠে। তখন এখানে জমজমাট রাতের বাজার বসে এবং জ্যাজ সংগীতেরও বেশ সক্রিয় পরিবেশ দেখা যায়।
কিভাবে যাবেন
[সম্পাদনা]
গণপরিবহনে
[সম্পাদনা]বিটিএস স্কাইট্রেন
[সম্পাদনা]ব্যাংককের কেন্দ্রস্থলে অবস্থিত প্রাতুনাম এলাকাটি বিটিএস স্কাইট্রেনের সুখুমভিত লাইন দিয়ে সহজেই যাওয়া যায়। প্রাতুনামের পশ্চিম দিকে অবস্থিত রাচাথেউই বিটিএস স্টেশন (এন১) থেকে ৪ নম্বর প্রস্থানপথ দিয়ে ফেচাবুরি সড়ক ধরে এলাকার মূল অংশে (ফেচাবুরি সড়ক ও রাচাপ্রারোপ সড়কের মোড়ে) হেঁটে যেতে প্রায় ১৫ মিনিট লাগে। ফায়া থাই স্টেশন থেকে এলাকার পশ্চিম অংশে যাওয়া যায়, আর উত্তরে রয়েছে ভিক্টরি মনুমেন্ট (এন৩) স্টেশন। কিছু ক্রেতা দক্ষিণ দিকের চিতলম বিটিএস স্টেশন (ই১) থেকেও পথচারীদের জন্য নির্মিত সংযোগপথ ব্যবহার করে প্রাতুনামে আসেন। ফায়া থাই বিটিএস স্টেশন (এন২) থেকে এয়ারপোর্ট রেল লিংকে ওঠা যায়। তবে দুটি ব্যবস্থার টিকিটের সমন্বিত ব্যবস্থা না থাকায় নতুন করে টিকিট কিনতে হবে।
বিমানবন্দর রেল সংযোগ
[সম্পাদনা]সুভর্ণভূমি বিমানবন্দর থেকে রাচাপ্রারোপ স্টেশনে যেতে টার্মিনালের ভূগর্ভস্থ তলা থেকে বিমানবন্দর রেল সংযোগ ট্রেনে উঠতে পারেন। যেতে প্রায় ২৫ মিনিট লাগে এবং ভাড়া ৪০ বাত।
প্রাতুনাম বাজার ও বাইয়োক টাওয়ার ২-এর সবচেয়ে কাছের স্টেশন হলো রাচাপ্রারোপ। স্টেশন থেকে বেরিয়ে মাটির ওপর দিয়ে চলে যাওয়া রেললাইনটি পার হয়ে নিন। বিমানবন্দর থেকে আসার সময় রেললাইনটি আপনার একই পাশে থাকবে। এরপর যে দিকে যাচ্ছিলেন, সেদিকেই হাঁটতে থাকুন। কাছেই ‘বাইয়োক হোটেলস’ লেখা একটি সাইনবোর্ড দেখতে পাবেন। প্রাতুনাম এর প্রায় ৫০০ মিটার দক্ষিণে, সড়কের ডান পাশে অবস্থিত। এলাকার কাছাকাছি পৌঁছালে মাথার ওপর দিয়ে চলে যাওয়া একটি হাঁটার পথের নিচ দিয়ে যেতে হবে।
নৌকায়
[সম্পাদনা]আপনি যদি খাও সান রোড এলাকায় থাকেন, তাহলে প্রাতুনামে যাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো সায়েন সায়েপ এক্সপ্রেস বোট। রাত্তানাকোসিন এলাকার গোল্ডেন মাউন্টের কাছে পানফা লিলার্ড নৌঘাটে হেঁটে যেতে বেশি সময় লাগে না। সেখান থেকে নিয়মিত নৌকা ছাড়ে। পরের নৌকাটিতে উঠে পড়ুন এবং পর্যাপ্ত যাত্রী ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। যাত্রার সময় নৌকাটি বেশ দুলতে পারে, তাই সাবধানে থাকুন!
প্রাতুনাম নৌঘাটটি এই নৌপথের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। সেখানে পৌঁছালে সহজেই বুঝতে পারবেন, কারণ গোল্ডেন মাউন্ট লাইনের শেষ স্টপ হলো প্রাতুনাম। তাই সেখানে সবাইকে নৌকা থেকে নামতে হয়। চাইলে এর আগের স্টপ সাফান হুয়া চ্যাংয়েও নামতে পারেন। সেখান থেকে রাতচাথেউই মোড় ও একই নামের বিটিএস স্টেশনে যাওয়া যায়। একবারের নৌযাত্রায় প্রায় ২৫ মিনিট লাগে এবং প্রায় ভাড়া ১১ থেকে ১৩ বাত।
বাসে
[সম্পাদনা]প্রাতুনাম ব্যাংককের অন্যতম ভালো গণপরিবহন-সংযুক্ত এলাকা। রাচাপ্রারোপ সড়ক ধরে উত্তরে এবং ফেচাবুরি সড়ক ধরে পূর্ব ও পশ্চিম দিকে যাওয়ার অনেক বাসের রুট এখানে মিলিত হয়েছে।
রাত্তানাকোসিন এলাকার গ্র্যান্ড প্যালেস থেকে আসতে চাইলে সানাম লুয়াংয়ের পূর্ব পাশের রাচাদামনেন নাই সড়ক থেকে ৬০ নম্বর বাসে উঠতে পারেন। বাসটি রাচাদামনেন ক্লাং সড়ক দিয়ে যায়, যেখান থেকে খাও সান সড়কে যাওয়া যায়। এরপর এটি লান লুয়াং সড়ক ও ফেচাবুরি সড়কের দিকে যায়। ফেচাবুরি সড়ক ধরে এলাকার বেশির ভাগ অংশে যাওয়া যায়, তাই এই সড়কের যেকোনো জায়গায় বাস থেকে নামতে পারেন। এরপর বাসটি উত্তর-পূর্ব দিকে রামখামহেং সড়ক ধরে এগিয়ে যায়।
এই এলাকা থেকে ৫১১ নম্বর বাসেও খাও সান সড়কের জন্য রাচাদামনেন ক্লাং সড়ক ধরে আসা যায়। বাসটি ফেচাবুরি সড়ক দিয়ে প্রাতুনামে পৌঁছে সেন্ট্রাল ওয়ার্ল্ডের পাশ দিয়ে ঘুরে সুখুমভিত সড়ক ধরে চলতে থাকে।
হেঁটে
[সম্পাদনা]হেঁটেও সহজেই প্রাতুনামে পৌঁছানো যায়। ব্যাংককের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত রাতচাপ্রাসং মোড় থেকে উত্তরে প্রায় ৫০০ মিটার হাঁটলেই প্রাতুনাম। সিয়াম চত্বর এখান থেকে ৮০০ মিটার পূর্বে অবস্থিত। পথে অনেক বিলাসবহুল বিপণিবিতান ও হোটেল দেখতে পাবেন। তবে এসব জায়গার তুলনায় প্রাতুনামে পণ্য কেনার খরচ অনেক কম পড়বে।
রাচাদামরি সড়কের ওপর দিয়ে চলে যাওয়া এবং সায়েন সায়েপ খাল পার হয়ে প্লাটিনাম ফ্যাশন মলে পৌঁছানো একটি আচ্ছাদিত পথচারী সেতু রয়েছে। এটি ব্যবহার করলে যানবাহনের ধোঁয়া এবং তীব্র রোদ বা বৃষ্টি থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়।
দেখুন
[সম্পাদনা]
প্রাতুনামে দেখার মতো বিশেষ কিছু নেই, যদি না আপনার সাধারণ কংক্রিটের ভবন দেখতে ভালো লাগে। তবে শনিবার অবসর থাকলে ফায়া থাই প্রাসাদ ঘুরে দেখতে পারেন। আর বাইয়োক টাওয়ার ২-এর চূড়ায় উঠলে পুরো শহরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন।
- 1 বাইয়োক টাওয়ার ২-এর অবজারভেটরি ও ঘূর্ণায়মান ছাদ, ৭৭-৮৪ তলা, বাইয়োক টাওয়ার ২, ২২২ রাচাপ্রারোপ রোড (এআরএল রাচাপ্রারোপ), ☏ +৬৬ ২ ৬৫৬-৩০০০।
সোম-শুক্র ১০:৩০-০১:০০, শনি-রবি ০৯:৩০-০১:০০। ৩০৪ মিটার উঁচু বাইয়োক টাওয়ার ২ মূলত আবাসিক ব্যবহারের জন্য নির্মিত। ১৯৯৭ সালে নির্মাণ শেষ হওয়ার পর থেকে ২০১৬ সালে সিলোম সড়কের কাছে অবস্থিত মহানাখন ভবন এর চেয়ে উঁচু হওয়া পর্যন্ত এটি ছিল থাইল্যান্ডের সবচেয়ে উঁচু ভবন। ভবনটির ৭৭তম তলায় বিশাল জানালার পেছনে একটি পর্যবেক্ষণকেন্দ্র রয়েছে। আর ৮৪তম তলার বাইরে রয়েছে একটি ঘূর্ণায়মান ছাদ, যেখান থেকে চারপাশের দৃশ্য দেখা যায়। শহরের বিভিন্ন অংশ দেখার জন্য এই ঘূর্ণায়মান ছাদটি বেশ উপযোগী। তবে শহরের আকাশরেখার ভালো ছবি তুলতে চাইলে এটি খুব একটা সুবিধাজনক নয়। সূর্যাস্তের ঠিক আগে এখানে আসা সবচেয়ে ভালো। তখন টাওয়ারের ওপর থেকে সূর্য ডোবার দৃশ্য উপভোগ করতে পারবেন। এরপর ৮৩তম তলার রুফটপ বারে যেতে পারেন। এখানকার পরিবেশ বেশ রোমান্টিক, তাই প্রেমিক-প্রেমিকা বা যুগলদের জন্য এটি বিশেষভাবে উপযোগী। বিশাল একটি জানালার পাশে বসে শহরের সুন্দর দৃশ্য দেখা যায়। প্রতি রাতেই এখানে পেশাদার সংগীতশিল্পীদের পরিবেশনা থাকে। অন্ধকার নামার পর আসনগুলো দ্রুত পূর্ণ হয়ে যায়, তাই আগে চলে আসাই ভালো।
২০০ বাত, সঙ্গে একটি (অ্যালকোহলযুক্ত) পানীয় ও পপকর্ন। - 2 ব্যাংকক পুতুল জাদুঘর (บ้านบางกอกดอลส์และตุ๊กตานานาชาติ), ৮৫ সোই রাচাথাফান (সোই মো লেং) (এআরএল রাচাপ্রারোপ থেকে হেঁটে যাওয়া যায়), ☏ +৬৬ ২ ২৪৫-৩০০৮।
সোম-শনি ০৮:০০-১৭:০০। ১৯৫৬ সালে খুনইং টংকর্ন চান্দাভিমল এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। টোকিওর ওসাওয়া ডল স্কুলে পুতুল তৈরির প্রশিক্ষণ শেষ করার পর তিনি এটি গড়ে তোলেন। তাঁর উদ্দেশ্য ছিল স্থানীয় উপকরণ দিয়ে হাতে তৈরি পুতুল তৈরির একটি কর্মশালা প্রতিষ্ঠা করা এবং থাইল্যান্ডের পুতুলশিল্পের প্রসারে একটি জাদুঘর গড়ে তোলা। কর্মশালার একটি অংশে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪০০টি পুতুলের ব্যক্তিগত সংগ্রহ রয়েছে। এগুলোকে কয়েকটি ভাগে সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে খোন নৃত্যের পুতুল, পাহাড়ি জাতিগোষ্ঠীর পুতুল, থাই গ্রামীণ পুতুল এবং খোন মুখোশের ক্ষুদ্র প্রতিরূপ। এখানে সাশ্রয়ী মূল্যে পুতুল কেনাও যায়। জাদুঘরটি ঘুরে দেখলে উঁচুতে নির্মিত এক্সপ্রেসওয়েগুলোর মাঝখানে অবস্থিত একটি সাধারণ স্থানীয় জনপদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
বিনামূল্যে। - 3 ফায়া থাই প্রাসাদ (วังพญาไท), ৩১৫ রাচাউইথি রোড (বিটিএস ভিক্টরি মনুমেন্ট), ☏ +৬৬ ২ ৩৫৪-৭৬৬০।
শনিবার ০৯:৩০ ও ১৩:৩০, সোম-শুক্র শুধু আগাম অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে। ষষ্ঠ রামা রাজা ফায়া থাই প্রাসাদটি নির্মাণ করান। ১৯১৯ সাল থেকে নিজের রাজত্বের শেষ বছরগুলোতে তিনি এখানে বসবাস করতেন। তাঁর মৃত্যুর পর প্রাসাদটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বিলাসবহুল হোটেলে রূপান্তরিত হয়। পরবর্তী সময়ে এটি বেতার কেন্দ্র ও সামরিক হাসপাতাল হিসেবেও ব্যবহৃত হয়েছে। প্রাসাদটিতে দেখার মতো অনেক কিছু রয়েছে, তাই এটি ঘুরে দেখার মতো একটি স্থান। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবন ফিম্যান চাকরি হল। ভবনটি মনোমুগ্ধকর আর্ট নুভো স্থাপত্যশৈলীতে নির্মিত। এর ভেতরে রয়েছে রেশমের ওয়ালপেপার ও নকশা করা দেয়ালচিত্র। প্রতি শনিবার স্বেচ্ছাসেবকেরা প্রাসাদে দুটি বিনামূল্যের নির্দেশিত ভ্রমণের ব্যবস্থা করেন। প্রতিটি ভ্রমণে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। সপ্তাহের অন্য দিনগুলোতেও প্রাসাদটি ঘুরে দেখা যায়। তবে সেক্ষেত্রে আগে ফোন করে সময় নির্ধারণ করতে হবে এবং ৫০০ বাত দিতে হবে।
বিনামূল্যে। - 4 সুয়ান পাক্কাদ প্রাসাদ (วังสวนผักกาด), ৩৫২-৩৫৪ সি আয়ুথায়া রোড (বিটিএস ফায়া থাই), ☏ +৬৬ ২ ২৪৬-১৭৭৫(-৬)।
প্রতিদিন ০৯:০০-১৬:০০। থাই স্থাপত্যশৈলীতে নির্মিত পাঁচটি বাড়ির এই কমপ্লেক্সটি একসময় থাইল্যান্ডের অন্যতম প্রধান শিল্পকর্ম সংগ্রাহক নাগারা স্বর্গের যুবরাজ চুম্বোতের বাসভবন ছিল। এখানে এশীয় শিল্পকর্ম ও প্রাচীন নিদর্শনের একটি সমৃদ্ধ সংগ্রহ রয়েছে। এর মধ্যে রয়েছে প্রাগৈতিহাসিক বান চিয়াং সভ্যতার বিভিন্ন নিদর্শন এবং সামুদ্রিক ঝিনুকের একটি চমৎকার সংগ্রহ। এখানে ঐতিহ্যবাহী থাই মুখোশ পরে পরিবেশিত খোন নৃত্য নিয়ে একটি জাদুঘর এবং ঐতিহ্যবাহী থাই সংগীতের একটি জাদুঘরও রয়েছে। নামটির আক্ষরিক অনুবাদের কারণে ইংরেজিতে এই প্রাসাদটি কখনো কখনো "লেটুস ফার্ম প্যালেস" নামেও পরিচিত।
১০০ বাত। - 5 থাই শ্রম জাদুঘর (พิพิธภัณฑ์แรงงานไทย), নিকোম মাক্কাসান রোড (এআরএল রাচাপ্রারোপ), ☏ +৬৬ ২ ২৫১-৩১৭৩।
বুধবার-রবিবার ও সরকারি ছুটির দিন ১০:০০-১৬:৩০। জাদুঘরটি থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেলওয়ের শ্রমিক ইউনিয়নের সাবেক কার্যালয়ে অবস্থিত। এখানে থাইল্যান্ডের শ্রমিক আন্দোলনের ৩০০ বছরের ইতিহাস তুলে ধরা বিভিন্ন নিদর্শন প্রদর্শিত হয়েছে। শ্রমিক আন্দোলনবিষয়ক বই ও গবেষণা প্রতিবেদন নিয়ে একটি গ্রন্থাগারও রয়েছে। দলবদ্ধভাবে জাদুঘরটি দেখতে যেতে চাইলে আগে ফোন করে জানাতে হবে।
বিনামূল্যে। - 6 ভিক্টরি মনুমেন্ট (อนุสาวรีย์ชัยสมรภูมิ) (বিটিএস ভিক্টরি মনুমেন্ট)। ১৯৪১ সালে সামরিক স্বৈরশাসক প্লেক পিবুনসংখ্রাম এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করান। স্বল্পস্থায়ী ও অমীমাংসিত ফ্রাঙ্কো-থাই যুদ্ধে প্রাণ হারানো ৫৯ জন থাই নাগরিকের স্মরণে এটি নির্মিত হয়েছিল। ওই যুদ্ধের ফলে থাইল্যান্ড পশ্চিম কম্বোডিয়া এবং উত্তর ও দক্ষিণ লাওসের কিছু অঞ্চল নিজেদের সঙ্গে যুক্ত করে। তবে ১৯৪৪ সালে পিবুনসংখ্রাম ক্ষমতাচ্যুত হন। ১৯৪৫ সালে থাইল্যান্ডের দখলে আসা অঞ্চলগুলো লাওস ও কম্বোডিয়াকে ফিরিয়ে দেওয়া হয়। ফলে এই "বিজয়ের" তাৎপর্য অনেকটাই ম্লান হয়ে যায়। বর্তমানে ব্যাংককের এই কাঁটাযুক্ত স্মৃতিস্তম্ভটি শহরের অন্যতম পরিচিত স্থাপনা হিসেবে পরিচিত হলেও, এটি মূলত ব্যাংককের সবচেয়ে বড় স্থানীয় বাস চলাচলের কেন্দ্র হিসেবে বেশি পরিচিত। স্কাইট্রেনে করে উত্তরের দিকে যাওয়ার সময় স্মৃতিস্তম্ভটির চারপাশের ১৮০ ডিগ্রি বাঁকানো মনোরম দৃশ্য চোখে পড়বে। এটিই স্মৃতিস্তম্ভটি দেখার সেরা উপায়। কারণ, এর গোড়ায় পৌঁছাতে হলে তিন লেনের ব্যস্ত সড়কচত্বর পেরোতে হয়, যেখানে বাসের ভিড় লেগেই থাকে। স্মৃতিস্তম্ভের ঠিক বিপরীতে প্রধান বাসস্টপে অবস্থিত গণশৌচাগার ব্যবহার করতে প্রতিবার ২ বাত দিতে হয়।
বিনামূল্যে।
করণীয়
[সম্পাদনা]- 1 সেঞ্চুরি দ্য মুভি প্লাজা (เซ็นจูรี่ เดอะมูฟวี่ พลาซ่า), ১৫ ফায়া থাই রোড (বিটিএস ভিক্টরি মনুমেন্ট), ☏ +৬৬ ২ ২৪৭-৯৯৪০।
প্রতিদিন ১০:০০-২২:০০। ২০০৫ সালে চালু হওয়া এই সিনেমা কমপ্লেক্স ও শপিং মলটি ভিক্টরি মনুমেন্ট এলাকার সেরা সিনেমা হল। তৃতীয় তলায় টিকিট কাউন্টার এবং পঞ্চম তলায় সিনেমা হলগুলো অবস্থিত। এখানে হলিউডের বড় বাজেটের জনপ্রিয় সিনেমার পাশাপাশি থাইল্যান্ডের কিছু কম পরিচিত সিনেমাও দেখানো হয়। থাই সিনেমাগুলোর কয়েকটিতে ইংরেজি সাবটাইটেল থাকে। সিনেমা শুরু হওয়ার অপেক্ষায় শপিং মলের অন্যান্য দোকান ঘুরে দেখতে পারেন কিংবা কিছু খেয়ে নিতে পারেন। বেসমেন্টে পোশাকের অনেক ছোট ছোট দোকান রয়েছে।
কেনাকাটা
[সম্পাদনা]
কম দামে পোশাক, জুতা ও অন্যান্য অনুষঙ্গ কেনার জন্য বেশির ভাগ পর্যটক চাতুচাক সাপ্তাহিক বাজার সম্পর্কে জানেন। তবে প্রাতুনামের প্রতিদিনের কেনাকাটার সুযোগের কথা অনেকেই জানেন না। কেনাকাটার জন্য প্রাতুনাম একটি চমৎকার এলাকা। রাচাপ্রাসং থেকে হেঁটেই সহজে এখানে পৌঁছানো যায়। এখানকার বেশির ভাগ পণ্য পাইকারি দামে বিক্রি হয়। তাই কম খরচে কেনাকাটা করতে চাইলে এটি আদর্শ জায়গা। অন্য শপিং মলগুলোর তুলনায় এখানে দরদাম করা বেশি গুরুত্বপূর্ণ। একসঙ্গে বেশি পণ্য কিনলে দামও অনেক কম পড়ে। তবে আপনার লাগেজে কতটা জায়গা আছে, তা ভুলে যাবেন না! বছরের পর বছর ধরে চাতুচাক বাজারে বিভিন্ন ধরনের ক্রেতার সমাগম বেড়েছে। অন্যদিকে, প্রাতুনাম এখনো সাদামাটা ও জাঁকজমকহীন কেনাকাটার পরিবেশ ধরে রেখেছে। এখানকার সবকিছুই দেখতে সস্তা, আর দামও সত্যিই কম—এমনকি চাতুচাকের চেয়েও কম।
কেনাকাটার জন্য প্রথমেই যেতে পারেন প্রাতুনাম মার্কেটে। এটি সরু গলির একটি বিশাল গোলকধাঁধার মতো, যেখানে ছোট ছোট দোকানে টি-শার্ট, জ্যাকেট, পোশাক, জিনস, শর্টস, জুতা ও বিভিন্ন অনুষঙ্গ বিক্রি হয়। এসবের মধ্যে অনেক নকল পণ্যও রয়েছে। এ ছাড়া সিটি কমপ্লেক্স দেখতে ভুলবেন না। এটি মূলত কিশোরী ও তরুণী শিক্ষার্থীদের লক্ষ্য করে গড়ে তোলা একটি ফ্যাশনভিত্তিক শপিং মল। ইন্দ্রা চত্বরে ক্রেতাদের ধরন আরও বৈচিত্র্যময়। প্রাতুনামে কেনাকাটা সবার জন্য সহজ অভিজ্ঞতা নয়। এলাকাটি খুব একটা আকর্ষণীয় নয়, মানুষের প্রচণ্ড ভিড় থাকে, পথচারীরা তাড়াহুড়ো করে চলাচল করেন এবং রাস্তাঘাটে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। একটু স্বস্তি পেতে শীতাতপ নিয়ন্ত্রিত প্লাটিনাম ফ্যাশন মলে যেতে পারেন। এখানে খাবারেরও চমৎকার ব্যবস্থা রয়েছে।
ভিক্টরি মনুমেন্টের আশপাশেও প্রচুর বাণিজ্যিক কার্যক্রম চলে, যদিও এখানকার শপিং মলগুলো তেমন আকর্ষণীয় নয়। প্রতিদিন সন্ধ্যায় রাচাউইথি সড়কের পাশে একটি রাতের বাজার বসে। এখানে মূলত শ্রমজীবী স্থানীয় মানুষ ও শিক্ষার্থীরা কেনাকাটা করতে আসেন।
- 1 সিটি কমপ্লেক্স (ซิตี้คอมเพล็กซ์), ৮৩১ ফেচাবুরি রোড (প্রাতুনাম পিয়ার), ☏ +৬৬ ২ ২৫৪-১৯৯৯।
সোম-শুক্র ১১:০০-২১:০০, শনি-রবি ১০:০০-২১:০০। ফেচাবুরি রোড ধরে হাঁটার সময় ছয়তলা বিশিষ্ট বিশাল সিটি কমপ্লেক্সটি আপনার চোখ এড়াবে না। এটি প্রাতুনামের অন্যতম জনপ্রিয় শপিং মল। বিশেষ করে কিশোরী ও বিশের কোঠায় বয়সী তরুণীদের কথা মাথায় রেখে এটি গড়ে তোলা হয়েছে। এখানকার বেশির ভাগ দোকানে ফ্যাশনেবল পোশাক, জুতা ও বিভিন্ন অনুষঙ্গ বিক্রি হয়। এ ছাড়া প্রসাধনী, গয়না ও হস্তশিল্পের জন্যও কয়েকটি দোকান রয়েছে। পঞ্চম তলায় একটি ছোট খাবারের জায়গা আছে। - 2 ইন্দ্রা স্কয়ার (อินทรา สแควร์), ১২০/১২৬ রাচাপ্রারোপ রোড (এআরএল রাচাপ্রারোপ), ☏ +৬৬ ২ ২০৮-০০২২(-৩৩)।
প্রতিদিন ০৮:০০-২০:০০। ইন্দ্রা স্কয়ার একটি ইনডোর শপিং মল, যেখানে ৩০০টিরও বেশি খুচরা ও পাইকারি দোকান রয়েছে। প্রথম তলায় মূলত ফ্যাশনপণ্য, রেশমের কাপড় ও বিভিন্ন অনুষঙ্গ বিক্রি হয়। এখানে কয়েকটি ফাস্টফুডের দোকানও রয়েছে। শহরের অন্যান্য এলাকার তুলনায় এখানকার পোশাকের দাম উল্লেখযোগ্যভাবে কম। সিটি কমপ্লেক্সের বিপরীতে এখানে পুরুষ ও শিশুদের পোশাকেরও ভালো সংগ্রহ রয়েছে। দ্বিতীয় তলায় শিল্পকর্ম, হস্তশিল্প, খেলনা ও মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়। ক্ষুধা লাগলে দ্বিতীয় তলার খাবারের জায়গায় খেতে পারেন। কাছেই বাইয়োক টাওয়ার ২-এর নিচতলাতেও কয়েকটি পোশাকের দোকান রয়েছে। - 3 ক্রুংথং প্লাজা (กรุงทองพลาซ่า), ৮১৩/৮ ফেচাবুরি রোড (প্রাতুনাম পিয়ার), ☏ +৬৬ ২ ৬৫৩-৯৩৩৩।
প্রতিদিন ০৯:০০-১৮:০০। ক্রুংথং প্লাজা আরেকটি বড় শপিং মল, যেখানে পাইকারি দামে পোশাক বিক্রি হয়। মলটির ভেতরে ৬০০টিরও বেশি দোকান রয়েছে। এর প্রায় সব দোকানেই পোশাক, জুতা, ব্যাগ, প্রসাধনী ও বিভিন্ন অনুষঙ্গ বিক্রি করা হয়। চতুর্থ তলায় খাবারের একটি চমৎকার জায়গা রয়েছে। - 4 মেট্রো ফ্যাশন মল (เมโทร แฟชั่น), ৫৯৯ ফেচাবুরি রোড (বিটিএস রাচাথেউই থেকে ফেচাবুরি রোড ধরে পূর্ব দিকে ১৫ মিনিট হাঁটুন), ☏ +৬৬ ২ ৬৫৩-৭০০০। ২০০৯ সালে এই নতুন পাইকারি শপিং মলটি চালু হয়। এর সাতটি তলায় ৩৭০টি পাইকারি দোকান রয়েছে। এসব দোকানে ফ্যাশনপোশাক, ব্যাগ, জুতা, প্রসাধনী ও বিভিন্ন অনুষঙ্গ বিক্রি হয়। তৃতীয় তলায় খাবারের একটি জায়গা রয়েছে। এ ছাড়া ভবনের বাইরের দিকে নিচতলায় ম্যাকডোনাল্ডসের একটি শাখা আছে।
- 5 দ্য প্যালাডিয়াম ওয়ার্ল্ড শপিং (เดอะพาลาเดียม เวิลด์ ช้อปปิ้ง, পূর্বনাম প্রাতুনাম সেন্টার), ৫৫৫ রাচাপ্রারোপ রোড (প্রাতুনাম পিয়ার), ☏ +৬৬ ২ ৩০৯-৯৮৮৮।
প্রতিদিন ০৯:০০-২০:০০। এখানে লম্বা সারিতে সাজানো অসংখ্য ছোট দোকানে গয়না, ফ্যাশনপণ্য ও স্মারকসামগ্রী বিক্রি হয়। প্রাতুনামের অন্যান্য জায়গার মতো এখানেও পণ্যের দাম তুলনামূলকভাবে কম, তবে নামী ব্র্যান্ডের পণ্য খুব বেশি পাওয়া যায় না। এলাকার অন্যান্য শপিং মলের তুলনায় এখানে ভিড় ও গাদাগাদি কম, যা একটি বাড়তি সুবিধা। এখানে খাবারের কয়েকটি দোকানও রয়েছে। - 6 পান্টিপ প্লাজা (พันธุ์ทิพย์พลาซ่า), ৬০৪/৩ ফেচাবুরি রোড (প্রাতুনাম পিয়ার), ☏ +৬৬ ২ ২৫০-১৫৫৫।
প্রতিদিন ১০:০০-২০:০০। কম্পিউটার ও প্রযুক্তিপণ্য বিক্রির জন্য পরিচিত এই ছয়তলা শপিং মলে একসময় পাইরেটেড মিডিয়ার ব্যাপক ব্যবসা ছিল। বর্তমানে নকল পণ্যের বেচাকেনা আগের তুলনায় অনেক কম হলেও সফটওয়্যার ও ডিভিডি এখনো সহজেই পাওয়া যায়। স্মার্টফোন, বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট, ক্যামেরা, ট্যাবলেট, ইউএসবি ড্রাইভ, প্রিন্টার, এমপি৩ প্লেয়ারসহ নানা ধরনের প্রযুক্তিপণ্য কেনার জন্যও এটি ভালো জায়গা। তবে এখানে নিম্নমানের বা সহজে নষ্ট হয়ে যেতে পারে এমন পণ্যও রয়েছে, তাই কেনার আগে ভালোভাবে পরীক্ষা করে নিন। ঝুঁকি এড়াতে চাইলে ব্র্যান্ডের অনুমোদিত দোকান থেকে কিনতে পারেন। তবে সেসব দোকানে দাম পশ্চিমা দেশগুলোর মতোই, এমনকি কখনো কখনো আরও বেশি হতে পারে! মনে রাখবেন, এখানকার ওয়ারেন্টি শুধু থাইল্যান্ডের মধ্যেই কার্যকর। - 7 প্লাটিনাম ফ্যাশন মল (แพลทินัม แฟชั่นมอล์), ২২২ ফেচাবুরি রোড (প্রাতুনাম পিয়ার), ☏ +৬৬ ২ ১২১-৮০০০।
প্রতিদিন ১০:০০-২০:০০। ফ্যাশনপণ্য কেনাকাটার জন্য এটি একটি চমৎকার জায়গা। বিশেষ করে এখানে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকায় কেনাকাটা বেশ আরামদায়ক। এখানকার ১,৩০০টি দোকানের অনেকগুলোই সপ্তাহান্তে চাতুচাক বাজারেও দোকান বসায়। নারীদের জন্য মলটি বিশেষ আকর্ষণীয়, কারণ এখানকার দোকানগুলোতে মূলত পোশাক, হাতব্যাগ, জুতা, বিভিন্ন অনুষঙ্গ, উপহারসামগ্রী ও প্রসাধনী বিক্রি হয়। অনেক দোকান (যদিও সব নয়) রপ্তানি ও পাইকারি বিক্রির জন্য পণ্য সরবরাহ করে। মলটির ষষ্ঠ তলায় বিশাল ও উন্নত মানের একটি ফুড কোর্ট রয়েছে। বিশেষ করে দুপুর ও রাতের খাবারের সময় এখানে প্রচুর ভিড় হয়। - 8 প্রাতুনাম মার্কেট (ตลาดประตูน้ำ), ফেচাবুরি সোই ২১ (প্রাতুনাম পিয়ার)।
প্রতিদিন ০৯:০০-১৮:০০। প্রাতুনাম মার্কেট একটি বিশাল খোলা আকাশের নিচের পোশাকের বাজার। মূলত রপ্তানিকারকদের কথা মাথায় রেখে বাজারটি গড়ে উঠলেও, যে কেউ এখানে কেনাকাটা করতে পারেন। এখানে মূলত টি-শার্ট, পোশাক, শর্টস, জিনস, জুতা ও বিভিন্ন অনুষঙ্গ বিক্রি হয়। চাইলে এখানে অনায়াসে অর্ধেক দিন কাটিয়ে দিতে পারেন, কারণ পুরো এলাকায় ৪,০০০টিরও বেশি দোকান রয়েছে। বাজারটি আনুষ্ঠানিকভাবে সন্ধ্যা ১৮:০০টা পর্যন্ত খোলা থাকলেও অনেক দোকান বিকেল ১৬:০০টার দিকেই বন্ধ হয়ে যায়। বাইয়োক টাওয়ার ১-এর আশপাশের রাস্তাগুলোজুড়ে বাজারটি বিস্তৃত। ওই টাওয়ারের নিচতলায়ও কয়েকটি পোশাকের দোকান রয়েছে। সন্ধ্যার শুরুতে বাইয়োক টাওয়ার ১-এর আশপাশের রাস্তায় একটি রাতের বাজার বসে, যা রাত ০২:০০টার পরও খোলা থাকে।
আহার
[সম্পাদনা]প্রাতুনামের বেশির ভাগ খাবারের দোকানই সস্তা ও সাধারণ মানের। তবে পাঁচ তারকা হোটেলে খেতে গেলে খরচ অনেক বেশি হতে পারে। কম খরচে খেতে চাইলে প্লাটিনাম ফ্যাশন মল ও পান্টিপ প্লাজার ফুড কোর্ট ভালো বিকল্প। ভিক্টরি মনুমেন্ট এলাকায় পশ্চিমা ও থাই ফাস্টফুডের পরিচিত সব পদই পাওয়া যায়। এ ছাড়া নিরিবিলি রাং নাম সড়কের পাশে অনেক সাশ্রয়ী মূল্যের খাবারের দোকান রয়েছে।
- 1 গো-অ্যাং প্রাতুনাম চিকেন রাইস (ไก่ตอนประตูน้ำ), ৯৬০-৯৬২ ফেচাবুরি সোই ৩০ (প্রাতুনাম পিয়ার; প্যালাডিয়ামের বিপরীত পাশের গলিতে), ☏ +৬৬ ৬১ ৬৫৬ ৯৬৫৯।
প্রতিদিন ০৫:৩০-১৫:০০, ১৮:০০-০৩:০০। আগে এই রেস্তোরাঁটি কাই টন প্রাতুনাম নামে পরিচিত ছিল। প্রথম দেখায় এটিকে সাধারণ পথখাবারের দোকান বলে মনে হতে পারে। কিন্তু খাবারের স্বাদের প্রশংসায় ক্রেতারা সব সময়ই এখানে ভিড় করেন। ব্যাংককের সেরা চিকেন রাইস (ข้าวมันไก่ খাও মান কাই) এখানেই পাওয়া যায় বলে অনেকে মনে করেন। এই খাবারটি হাইনানিজ চিকেন রাইসের সঙ্গে বেশ মিল রয়েছে। এখানকার কর্মীরা ইংরেজি বলতে পারেন না এবং দোকানে ইংরেজিতে কোনো সাইনবোর্ডও নেই। তবে তাঁদের সহজেই চিনে নেওয়া যায়, কারণ তাঁরা গোলাপি পোশাক ও সাদা টুপি পরেন এবং তাঁদের পোশাকের পেছনে মুরগির একটি লোগো থাকে।
৩০ বাত। - 2 বামি জ্যাপ ২ (แสบX2), ৪/৩২-৩৩ সোই ফেচাবুরি ১৯ (প্রাতুনাম পিয়ার; শিবুয়া ১৯-এর পাশের গলিতে), ☏ +৬৬ ২ ৬৫৩-৯৬১৮।
প্রতিদিন ০৯:৩০-১৭:৩০। এই দোকানটি মূলত ওয়ানটন নুডলস ও ওয়ানটন স্যুপের জন্য জনপ্রিয়। পুরো দোকানেই শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে, যা প্রাতুনাম মার্কেটে দীর্ঘ সময় কেনাকাটার পর বেশ স্বস্তিদায়ক। এখানে মশলা দিয়ে ধীরে রান্না করা শূকরের পায়ের পদটিও চেখে দেখতে পারেন।
৬০ বাত।
পানীয়
[সম্পাদনা]
রাত নামার পর প্রাতুনাম এলাকাটি দ্রুত জনশূন্য হয়ে পড়ে। তবে দর্শনীয় স্থান অংশে উল্লেখ করা রুফটপ বারে গেলে ভিন্ন অভিজ্ঞতা হতে পারে। অন্যদিকে, ভিক্টরি মনুমেন্টের আশপাশে প্রাণবন্ত জ্যাজ সংগীতের পরিবেশ রয়েছে। এলাকার শিল্পমনস্ক শিক্ষার্থীরা এসব জায়গায় নিয়মিত যাতায়াত করেন। এখানে গেলে স্বচ্ছন্দ ও অনাড়ম্বর পরিবেশ আশা করতে পারেন। তাই পোশাক-আশাকে অতিরিক্ত আড়ম্বর করার প্রয়োজন নেই।
- 1 ক্যাফে দে নোরাসিং, ৩১৫ রাচাউইথি রোড (বিটিএস ভিক্টরি মনুমেন্ট), ☏ +৬৬ ২ ৩৫৪-৮৩৭৬।
সোম-শুক্র ০৮:৩০-১৯:০০, শনি-রবি ১০:৩০-১৯:০০। ক্যাফে দে নোরাসিং একটি বিলাসবহুল ক্যাফে, যা ফায়া থাই প্রাসাদের রাজকীয় অতিথি অভ্যর্থনা কক্ষে অবস্থিত। ক্যাফেটি ভিয়েনীয় শৈলীতে সাজানো। বিংশ শতাব্দীর শুরুর দিকে পঞ্চম রামা রাজার শাসনামলে এই সাজসজ্জার ধরন বেশ জনপ্রিয় ছিল। শহরে এক কাপ কফি পান করার জন্য এটি অন্যতম মার্জিত একটি জায়গা। এখানে হালকা নাশতাও পাওয়া যায়। - 2 কো-কো ওয়াক (โค-โค วอล์ค), ৮৭/৭০ ফায়া থাই রোড (বিটিএস রাচাথেউই, ২ নম্বর এক্সিট), ☏ +৬৬ ৮ ১৪৫৫-৭৬৯৬।
প্রতিদিন ১৮:০০-০১:০০। এটি মূলত ছাউনিযুক্ত একটি খোলা চত্বর, যেখানে প্রায় এক ডজন বার, পাব ও সরাসরি সংগীত পরিবেশনার ব্যবস্থা রয়েছে। এখানকার ভালো বারগুলোর মধ্যে রয়েছে সাওয়ারি টেরেস, কো-কো বিচ, ৬৯, দ্য টিউব এবং চিলিং হাউস ক্যাফে। থাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে জায়গাটি বেশ জনপ্রিয়। পুরো চত্বরের মাঝখানে কোরীয় ধাঁচের একটি বড় বারবিকিউ রেস্তোরাঁ রয়েছে। এখানে ৯৯ বাতের বিনিময়ে যত খুশি খাওয়ার সুযোগ পাওয়া যায়। - 3 স্যাক্সোফোন পাব (แซ็กโซโฟน ผับ), ৩/৮ ফায়া থাই রোড (বিটিএস ভিক্টরি মনুমেন্ট), ☏ +৬৬ ২ ২৪৬-৫৪৭২।
প্রতিদিন ১৮:০০-০২:০০। সরাসরি জ্যাজ ও ব্লুজ সংগীত শোনার জন্য এটি অন্যতম সেরা পাব। ভেতরের সাজসজ্জায় পুরোনো গিটার ও ঝাঁঝর ব্যবহার করা হয়েছে, যা জায়গাটিকে আকর্ষণীয় করে তুলেছে। ভিড় থাকলেও এখানকার পরিবেশ বেশ আরামদায়ক। এখানে মূল আকর্ষণ সংগীত উপভোগ করা। দর্শকেরা ব্যান্ডের চারপাশে অর্ধবৃত্তাকারে বসে বা দাঁড়িয়ে পরিবেশনা উপভোগ করেন। খাবারের জন্য এখানে না আসাই ভালো, কারণ খাবারের মান তেমন ভালো নয় এবং দামও বেশি। বিয়ার ও ককটেলের দামও ব্যাংককের অন্যান্য জায়গার তুলনায় বেশি। ককটেল পরিবেশন করা হয় স্যাক্সোফোনের আকৃতির গ্লাসে। - 4 দ্য রক পাব (เดอะร๊อคผับ), হলিউড স্ট্রিট বিল্ডিং, ৯৩/২৬-২৮ ফায়া থাই রোড (বিটিএস রাচাথেউই), ☏ +৬৬ ২ ২৫১-৯৯৮০।
প্রতিদিন ১৯:০০-০২:০০। ব্যাংককে রক ও মেটাল সংগীতের অন্যতম প্রধান আড্ডাস্থল এটি। পাবটির মালিক একজন রক সংগীতশিল্পী। রক ও মেটাল সংগীতের ভক্তদের জন্য জায়গাটিকে আকর্ষণীয় করে তুলতে তিনি বিশেষভাবে উদ্যোগী। প্রতি রাতে এখানে দুটি ব্যান্ড সংগীত পরিবেশন করে। প্রথম ব্যান্ডের পরিবেশনা শুরু হয় রাত ২১:৩০ টায় এবং দ্বিতীয় ব্যান্ডের পরিবেশনা শুরু হয় রাত ২৩:৪৫-এ। মেটালিকা ও নির্ভানার অনেক জনপ্রিয় গানের কভার সংস্করণ শোনার জন্য প্রস্তুত থাকুন।
রাত্রিযাপন
[সম্পাদনা]ব্যাংককে কেনাকাটার খরচ সবচেয়ে কম এমন এলাকাগুলোর মধ্যে প্রাতুনাম অন্যতম। তবে এখানে থাকার খরচ তুলনামূলকভাবে বেশি। এর কারণ অবশ্য সহজেই বোঝা যায়—২০০০-এর দশকে এলাকাটির জমি ও সম্পত্তির দাম দ্রুত বেড়ে যায়। ব্যাংককের সবচেয়ে উঁচু ভবনটি এখানেই অবস্থিত, যা মোটেও কাকতালীয় নয়।
স্বল্প বাজেট
[সম্পাদনা]- 1 হোম হাগ হোস্টেল, ১১/১১৮ রাচাপ্রোরোপ সোই ৮, ☏ +৬৬-২-২৬১৬১৮৭। আগমন: ১৩:০০, প্রস্থান: 12:00। শীতাতপ নিয়ন্ত্রিত আট শয্যার ডরমিটরি। বিনামূল্যে লকার, ওয়াই-ফাই ও সকালের নাশতার ব্যবস্থা রয়েছে।
ডরমিটরির একটি বিছানা ১৮০ বাত।
মাঝারি বাজেট
[সম্পাদনা]- 2 পিজে ওয়াটারগেট হোটেল (โรงแรมพีเจ วอเตอร์เกต), ৪৬৭ সোই ওয়াত্থানা সিন (এআরএল রাচাপ্রারোপ), ☏ +৬৬ ২ ২৫৪-৩৩১৪। রাচাপ্রারোপ এলাকায় অবস্থিত একটি ভালো মানের হোটেল। কক্ষগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা ও টেলিভিশন রয়েছে। হোটেলের মূল অংশে একটি ইন্টারনেট ক্যাফে, রেস্তোরাঁ ও বারও আছে। কর্মীদের অধিকাংশই অন্তত কিছুটা ইংরেজি বলতে পারেন এবং ব্যবস্থাপক অনর্গল ইংরেজি বলতে পারেন। অনলাইনে বুকিং করলে মাত্র ১,০০০ বাতেও কক্ষ পাওয়া যায়, যা সরাসরি হোটেলে এসে কক্ষ নেওয়ার তুলনায় অনেক সস্তা। এই দামের সঙ্গে সকালের নাশতাও অন্তর্ভুক্ত।
১,০০০-২,০০০ বাত।
বিলাসবহুল
[সম্পাদনা]- 3 আমারি ওয়াটারগেট (โรงแรมอมารีวอเตอร์เกท), ৮৪৭ ফেচবুরি রোড (প্রাতুনাম পিয়ার), ☏ +৬৬ ২ ৬৫৩-৯০০০। আধুনিক চার তারকা হোটেলটিতে আপনার প্রত্যাশিত সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। এর কয়েকটি রেস্তোরাঁ এতটাই ভালো যে হোটেলে না থাকলেও সেখানে খেতে আসতে পারেন। রাচাপ্রাসং থেকে হেঁটে এলে সায়েন সায়েপ খাল পেরিয়েই প্রাতুনামের কাছাকাছি এই হোটেলটি পাওয়া যাবে।
৩,০০০-৮,০০০ বাত। - 4 বাইয়োক স্কাই হোটেল (โรงแรม ใบหยกสกาย กรุงเทพ), ৭৬-৭৮ তলা, বাইয়োক টাওয়ার ২, ২২২ রাচাপ্রারোপ রোড (এআরএল রাচাপ্রারোপ), ☏ +৬৬ ২ ৬৫৬-৩০০০, ইমেইল: baiyokesky@baiyoke.co.th। দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে উঁচু হোটেল। এখানে ৬৭৩টি অতিথিকক্ষ রয়েছে, যার প্রতিটি থেকেই শহরের অসাধারণ দৃশ্য দেখা যায়। সকালের নাশতার আয়োজন বেশ সমৃদ্ধ; বেছে নেওয়ার জন্য ১০০টিরও বেশি পদ রয়েছে। কক্ষগুলো প্রশস্ত হলেও অনেক কক্ষের সাজসজ্জা নতুন করে করার প্রয়োজন রয়েছে। কর্মীরা অত্যন্ত সহযোগিতাপরায়ণ। তবে লিফটে ওঠার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে, যা কিছুটা অসুবিধাজনক।
২,০০০-৩,৪০০ বাত। - 5 সেঞ্চুরি পার্ক হোটেল (โรงแรม เซ็นจูรี่ พาร์ค), ৯ রাচাপ্রারোপ রোড (বিটিএস ভিক্টরি মনুমেন্ট থেকে হেঁটে পাঁচ থেকে দশ মিনিট), ☏ +৬৬ ২ ২৪৬-৭৮০০, ইমেইল: info@centuryparkhotel.com। প্রশস্ত কক্ষবিশিষ্ট ভালো মানের চার তারকা হোটেল। এখানকার ব্যায়ামাগার ও সুইমিং পুল বেশ ভালো। ওপরের তলাগুলোর কক্ষে থাকলে শহরের সুন্দর দৃশ্যও উপভোগ করতে পারবেন। সকালের নাশতা বিশেষভাবে ভালো, যেখানে পশ্চিমা ও এশীয় খাবারের বিস্তৃত সংগ্রহ রয়েছে।
২,৫০০-৮,০০০ বাত। - 6 সিটিন প্রাতুনাম (โรงแรม ซิทอิน ประตูนาม), ১১৭ সোই সাংকার্ন (এআরএল রাচাপ্রারোপ), ☏ +৬৬ ২ ১২০-৮৯৯৯, ফ্যাক্স: +৬৬ ২ ১২০-৮৯৯৮, ইমেইল: enquiry@citinpratunam.com। প্রাতুনামের একেবারে কেন্দ্রে, বাইয়োক টাওয়ার ২-এর কাছেই হোটেলটির অবস্থান। কক্ষগুলো ছোট হলেও আরামদায়ক ও আধুনিক। প্রতিটি কক্ষে ৩২ ইঞ্চি এলসিডি টিভি এবং বিনামূল্যে ওয়াই-ফাই রয়েছে। এখানে একটি ভালো স্পা এবং শুধু নিরামিষ খাবার পরিবেশনকারী ক্যাফেও আছে। কাছাকাছি দোকান ও বিটিএস স্টেশনে যাতায়াতের জন্য বিনামূল্যে টুকটুক শাটল পরিষেবা দেওয়া হয়।
১,৫০০-৩,২০০ বাত। - 7 ইন্দ্রা রিজেন্ট হোটেল (โรงแรมอินทรา รีเจนท์), ১২০/১২৬ রাচাপ্রারোপ রোড (এআরএল রাচাপ্রারোপ), ☏ +৬৬ ২ ২০৮-০০২২(-৩৩), ইমেইল: gm@indrahotel.com। প্রশস্ত কক্ষ ও সুন্দর দৃশ্যসহ একটি মোটামুটি ভালো মানের চার তারকা হোটেল। কর্মীরা বন্ধুত্বপূর্ণ, তবে সকালের নাশতায় খাবারের বৈচিত্র্য খুব বেশি নয়। অতিরিক্ত খরচে ওয়াই-ফাই ব্যবহার করা যায়। পোশাকের বাজারগুলোর কাছাকাছি অবস্থানের কারণে অনেকেই এখানে থাকতে পছন্দ করেন।
২,০০০-৫,৯০০ বাত। [অকার্যকর বহিঃসংযোগ] - 8 পুলম্যান ব্যাংকক কিং পাওয়ার (โรงแรมพูลแมน บางกอก คิง พาวเวอร์), ৮/২ রাং নাম রোড (বিটিএস ভিক্টরি মনুমেন্ট), ☏ +৬৬ ২ ৬৮০-৯৯৯৯, ইমেইল: hotel@pullmanbangkokkingpower.com। ২০০৭ সালে চালু হওয়া এই আধুনিক বিলাসবহুল হোটেলটি একই দামের অন্যান্য হোটেলের তুলনায় ভালো মূল্য দিতে পারে। তবে অন্যান্য বিলাসবহুল হোটেলের তুলনায় এর বুফে সকালের নাশতা কিছুটা হতাশাজনক। হোটেলে পৌঁছালে আকর্ষণীয় লবি এবং হাসিমুখে অভ্যর্থনা জানানো প্রচুর কর্মী আপনাকে স্বাগত জানাবেন। কক্ষগুলো হোটেলটির পাঁচ তারকা মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এক্সিকিউটিভ তলাগুলোর কক্ষে সন্ধ্যায় পানীয় ও হালকা নাশতাসহ নানা অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। পাশেই কিং পাওয়ার ডিউটি ফ্রি কমপ্লেক্স রয়েছে। এর প্রথম তলায় একটি আকর্ষণীয় বিয়ার গার্ডেন এবং শুল্কমুক্ত পণ্যের বিশাল সংগ্রহ রয়েছে। সন্ধ্যায় চাইলে হোটেলের স্টাইলিশ ওয়াইন বারেও যেতে পারেন, যা বাইরের অতিথিদের জন্যও খোলা।
৩,০০০-৫,৬০০ বাত। - 9 দ্য সুকোসোল (เดอะ สุโกศล), ৪৭৭ সি আয়ুথায়া রোড (এআরএল ফায়া থাই থেকে ৫০০ মিটার হাঁটুন), ☏ +৬৬ ২ ২৪৭-০১২৩, ইমেইল: thesukosol@sukosolhotels.com। স্থানীয় মালিকানাধীন পাঁচ তারকা এই হোটেলটি থাই সাজসজ্জায় সজ্জিত এবং এআরএল ও স্কাইট্রেন স্টেশনের কাছাকাছি অবস্থিত। বিনামূল্যে ওয়াই-ফাই রয়েছে। কক্ষের ভাড়ার সঙ্গে সকালের নাশতা অন্তর্ভুক্ত।
৩,৬০০-৫,০০০ বাত।
সংযোগ
[সম্পাদনা]জেসির মিনিমার্ট, ফেচাবুরি সোই ৪৩/১-এর মিয়ামি ভিলা কমপ্লেক্সের ভেতরে অবস্থিত একটি ইন্টারনেট ক্যাফে। এটি ২৪ ঘণ্টা খোলা থাকে এবং এখানে ওয়াই-ফাই হটস্পট রয়েছে। ক্যাফেটি ফেচাবুরি এমআরটি স্টেশনের কাছেই। আমারি ওয়াটারগেট হোটেলের লবিতে বিনামূল্যে ওয়াই-ফাই ব্যবহার করা যায়। তাই ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে হোটেলটির কোনো ক্যাফেতে বসে এক কাপ পানীয় খেয়ে নিতে পারেন।
পরবর্তী গন্তব্য
[সম্পাদনা]সস্তায় কেনাকাটার জন্য আরেকটি ভালো জায়গা হলো ফাহোনিওথিন এলাকার চাতুচাক উইকেন্ড মার্কেট। এখানে যেতে বিটিএস ট্রেনে উত্তরের দিকে প্রায় ১৫ মিনিট লাগবে। নাম থেকেই বোঝা যায়, বাজারটি শুধু সপ্তাহান্তে খোলা থাকে। তবে এখানকার অনেক দোকান সপ্তাহের অন্যান্য দিনে প্রাতুনামে ব্যবসা করে। বিকল্প হিসেবে যেতে পারেন রত্তনকোসিন এলাকার বোবে মার্কেটে। এটি প্রাতুনামের মতোই একটি পাইকারি পোশাকের বাজার। সায়েন সায়েপ এক্সপ্রেস বোটে গেলে চারটি স্টপ পরেই পৌঁছে যাবেন।
| প্রাতুনামর মধ্য দিয়ে রুট |
| ফাহোনিওথিন ← | N |
→ সিয়াম চত্বর → সুখুমভিত |
| সমাপ্ত ← | W |
→ রামখামহেং → সুবর্ণভূমি বিমানবন্দর |
